নতুন পর্তুগিজ কোচ জর্জ জেসুসের প্রথম স্কোয়াডে জায়গা পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এর মধ্য দিয়ে ৪১ বছর বয়সী এই তারকার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের গুঞ্জনের অবসান ঘটলো।
গত জুলাইয়ে অনুষ্ঠিত বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইয়ে শিরোপাজয়ী স্পেনের কাছে হেরে পর্তুগালের বিদায়ের পর নিজ দেশের জার্সিতে খেলা চালিয়ে যাওয়া নিয়ে কোনও স্পষ্ট মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিলেন রোনালদো। তবে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবরের মধ্যে পর্তুগালের চারটি নেশনস লিগ ম্যাচের জন্য ঘোষিত ২৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন আল-নাসরের এই ফরোয়ার্ড।
বিশ্বকাপের পর রবার্তো মার্তিনেজ পদত্যাগ করলে পর্তুগালের নতুন কোচ হিসেবে দায়িত্ব নেন ৭২ বছর বয়সী জর্জ জেসুস। গত মৌসুমে আল-নাসরে রোনালদোর ক্লাব কোচ ছিলেন তিনি এবং দুজনের মিলিত প্রচেষ্টায় দীর্ঘ সাত বছর পর সৌদি প্রো লিগ জিতেছিল ক্লাবটি।
চলতি গ্রীষ্মের বিশ্বকাপই তার শেষ বিশ্বকাপ হবে বলে ঘোষণা দেওয়া সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড পর্তুগালের বিশ্বকাপ থেকে বিদায়ের পর কান্নায় ভেঙে পড়েছিলেন। তখন দেশের হয়ে খেলা চালিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেছিলেন, পরিবারের সঙ্গে কথা বলবো এবং ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেব। তার এই মন্তব্য লিওনেল মেসির মতো আন্তর্জাতিক ফুটবল থেকে তারও অবসরের জল্পনা উসকে দিয়েছিল।
আগামী গ্রীষ্মের নেশনস লিগ ফাইনালের আগেই ৪২ বছর পূর্ণ করবেন রোনালদো এবং ইউরো ২০২৮-এর সময় তার বয়স হবে ৪৩ বছর। ইউরোর ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হলেন রোনালদোর সাবেক পর্তুগিজ সতীর্থ পেপে, যিনি ইউরো ২০২৪-এ নিজের শেষ ম্যাচ খেলার সময় ৪১ বছর ১৩০ দিন বয়সী ছিলেন।
এদিকে জেসুসের ঘোষিত এই দলে ম্যানচেস্টার ইউনাইটেডের দিওগো দালোত ও ব্রুনো ফার্নান্দেস, ম্যানচেস্টার সিটির রুবেন দিয়াজ এবং চেলসির পেদ্রো নেতোও স্থান পেয়েছেন।
আসন্ন ম্যাচগুলোতে পর্তুগাল আগামী ২৪ সেপ্টেম্বর ঘরের মাঠে ওয়েলসের মুখোমুখি হবে এবং তিন দিন পর নরওয়ের মাঠে খেলতে যাবে। এরপর ১ অক্টোবর ডেনমার্কে ম্যাচ খেলে আগামী ৪ অক্টোবর ঘরের মাঠে নরওয়ের বিপক্ষে পুনরায় মাঠে নামবে পর্তুগাল।
সূত্র: বিবিসি









