বার্সেলোনার সময়টা ভালো যাচ্ছে না। ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে তারা। টানা তিন ম্যাচ হেরে হারাতে বসেছে লা লিগার শিরোপাও। সবমিলিয়ে তাই গতকাল ভ্যালেন্সিয়ার বিপক্ষে হারের পর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি বার্সার ব্রাজিলিয়ান তারকা নেইমার। চড় মেরে বসলেন বিপক্ষ ডিফেন্ডার অ্যান্তোনিও বারাগানকে। বিষয়টি রেফারির দৃষ্টি এড়ালেও নিষিদ্ধ হতে পারেন তিনি।
এদিন খেলা শেষ হওয়ার পর উৎসবে মেতেছিলো ভ্যালেন্সিয়া। এই উদযাপনে যোগ দেন বারাগান। তবে বিপক্ষ ফুটবলারদের এমন আনন্দ সহ্য হচ্ছিলো না নেইমারের। কাছে পেয়ে বারাগানকে চড় মেরে বসেন তিনি। ঘটনাটি অবশ্য ম্যাচ রেফারি ডেভিড ফার্নান্দেজ বোরবালান দেখতে পাননি। তবে টিভি ফুটেজে ভিডিওটি দেখা যায়।
নেইমার বারাগানকে আক্ষরিক অর্থে ঠিক ‘চড়’ মেরেছেন-সেটা বলা যাবে না। ভিডিও ফুটেজে যা দেখা গেছে, তাতে বলা যায় আলতো চড় মেরেছেন তিনি। কিন্তু শাস্তির জন্য সেটাই যথেষ্ট হতে পারে। ফুটবলে মুখে আঘাত করা বড় ধরনের অপরাধ হিসেবে গণ্য করা হয়; সেই আঘাতটা যত হালকাই হোক না কেন। নেইমার তাই আলতো চড় দিলেও কয়েক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন।
/এমআর/








