আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। বিদায়ের কয়েক ঘণ্টা আগে আবেগঘন এক ভিডিও বার্তায় নিজের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার ও আর্জেন্টিনার সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফুটবলের এই মহাতারকা। জানিয়েছেন, দেশের হয়ে মাঠে নামার সুযোগ পাওয়া ছিল তার কাছে স্বপ্ন, গর্ব ও জীবনের অংশ।
মঙ্গলবার বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বুধবার ভোরে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিই জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ। ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার আগে ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড আর্জেন্টাইন সমর্থকদের উদ্দেশে নিজের অনুভূতির কথা জানান।
ভিডিও বার্তায় মেসি বলেন, ‘সময়টা এসে গেছে। এই জার্সি ছিল আমার স্বপ্ন, আমার গর্ব এবং আমার জীবন। আমাকে এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ। তোমাদের খুব মিস করবো।’
২০০৫ সালে আর্জেন্টিনার জাতীয় দলে অভিষেকের পর থেকে মেসি নিজেকে দেশটির ফুটবল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ২০৭ ম্যাচ খেলে তার গোল ১২৫টি, সঙ্গে রয়েছে ৬৬টি অ্যাসিস্ট।
ম্যাচ, গোল ও অ্যাসিস্ট—তিন ক্ষেত্রেই আর্জেন্টিনার সর্বোচ্চ অবস্থানে রয়েছেন মেসি। বিশ্বকাপেও জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড তার দখলে।
ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়া বিশ্বের মাত্র তিন ফুটবলারের একজন মেসি। ২০০৬ সালে শুরু করে ২০২৬ সাল পর্যন্ত প্রতিটি বিশ্বকাপেই আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন তিনি। এর মধ্যে ২০১৪ সালে দলকে ফাইনালে তুললেও রানার্সআপ হয় আর্জেন্টিনা। ২০২২ সালে সেই আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপ জেতে মেসির দল। ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনা রানার্সআপ হয়েছে।
জাতীয় দলের হয়ে মেসির সবচেয়ে বড় অর্জনের মধ্যে রয়েছে ২০২২ বিশ্বকাপ জয়। এর আগে ও পরে আর্জেন্টিনার হয়ে আরও কয়েকটি বড় শিরোপা জিতেছেন তিনি।
২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ সালের ফিনালিসিমাও রয়েছে তার ট্রফির তালিকায়। বয়সভিত্তিক পর্যায়েও আর্জেন্টিনার হয়ে সফল ছিলেন মেসি। ২০০৫ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জয়ের পর ২০০৮ অলিম্পিকে স্বর্ণপদক জেতেন তিনি।
তাই বেনিনের বিপক্ষে ম্যাচটি শুধুই একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হিসেবে দেখছেন না আর্জেন্টিনার সমর্থকেরা। এটি দেশের ফুটবলে মেসি অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তির মুহূর্তও হতে যাচ্ছে।
প্রিয় তারকাকে শেষবার জাতীয় দলের জার্সিতে দেখতে মনুমেন্টালে জড়ো হবেন বিপুলসংখ্যক সমর্থক। মেসির বিদায়কে স্মরণীয় করে রাখতে ম্যাচের আগে ও পরে রাখা হয়েছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন। দীর্ঘ দুই দশকের বেশি সময় আর্জেন্টিনার ফুটবলের সঙ্গে থাকা মেসি এবার বিদায়ের মঞ্চে—আর সেই মুহূর্তের সাক্ষী হতে প্রস্তুত বুয়েনস আইরেস।