জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি আজম নাছির উদ্দীনকে সভাপতি ও চট্টগ্রাম আবাহনীর ফুটবল কমিটির চেয়ারম্যান তরফদার মোহাম্মদ রুহুল আমিনকে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দিয়ে গঠিত হয়েছে বাফুফে নির্বাচনে কাজী সালাহউদ্দীনের নির্বাচনি পরিচালনা কমিটি।
আজ মঙ্গলবার পান্থপথে কাজী সালাহউদ্দীনের বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যালয়ে এক আলোচনা সভায় বসেছিলেন কাজী সালাহউদ্দীন ও তার নির্বাচনি প্যানেলের সদস্যরা। সেখানেই সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে দায়িত্ব পাওয়া রুহুল আমিন তরফদার বলেন, ‘আগামী ৪ বছরের সার্বিক লক্ষ্য ও উদ্দেশ্য সমন্বয় করে আমরা আমাদের নির্বাচনি ইশতেহার তৈরি করছি। যা আগামী দুই-তিন দিনের মধ্যেই আমরা প্রকাশ করবো। আমরা সারা দেশে ফুটবল উন্নয়নের জন্য ব্যাপকভাবে কাজ করার জন্য তৈরি হচ্ছি। একাডেমি, বিদেশে প্রশিক্ষণ বয়সভিত্তিক পর্যায়ে খেলোয়াড় তৈরি ও জেলা ভিত্তিক পর্যায়ে নিয়মিতভাবে ফুটবল চালু করা হবে আমাদের অন্যতম লক্ষ্য।’
এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তাদের এটি বিলম্বিত অনুধাবন কিনা এর উত্তরে তরফদার রুহুল আমিন বলেন, ‘সব কিছু এক সঙ্গে করা সম্ভব হয়ে ওঠে না। পর্যায়েক্রমে পরিকল্পনা ভিত্তিক কাজ করলে সেটিতে সাফল্য আসে এবং টেকসই হয়। আমরা সেটিই চাই।’
/আরএম/এফআইআর/







