ইব্রাহিমের প্রশংসায় ডুলি, বললেন বিশ্বনাথের নতুন ভূমিকা নিয়েও

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ নভেম্বর ২০২৬, ২৩:০৬ আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ২৩:০৬

ভুটানের বিপক্ষে কস্টার্জিত জয় দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিকদের ১-০ গোলের জয়ে সন্তুষ্ট কোচ টমাস ডুলি। তবে দলের পারফরম্যান্সে কিছু জায়গায় উন্নতির সুযোগ দেখছেন তিনি। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ ডুলি বলেন, ‘সামগ্রিকভাবে ম্যাচটি নিয়ে আমি সন্তুষ্ট। আমাদের লক্ষ্য ছিল, তিন পয়েন্ট পাওয়া, সেটি অর্জন করতে পেরেছি। প্রথমার্ধের ২০-৩০ মিনিট এবং দ্বিতীয়ার্ধের প্রায় ২০ মিনিট আমরা খুব ভালো ফুটবল খেলেছি। বল দেওয়া-নেওয়া করেছি, সুযোগও তৈরি করেছি। তবে বক্সে প্রতিপক্ষের ৭-৮ জন খেলোয়াড়ের বিপরীতে আমাদের ছিল মাত্র একজন বা দুজন। এই জায়গাটায় পরিবর্তন আনতে চাই।’

ম্যাচের একটা পর্যায়ে বাংলাদেশ কেন পিছিয়ে খেলেছে, সেটিও ব্যাখ্যা করেছেন ডুলি, ‘ক্লান্ত হয়ে পড়লে খেলোয়াড়রা পেছনে নেমে গিয়ে শক্তি বাঁচাতে চায়। কিন্তু বাস্তবে এতে কাজটা আরও কঠিন হয়ে যায়। বিরতিতে আমরা বলেছি, আরও সামনে এগিয়ে আসতে হবে। মাঝমাঠের খেলোয়াড়দের ওপরের দিকে উঠতে হবে এবং প্রতিপক্ষকে চাপে রাখতে হবে, যাতে তারা মাঝমাঠ দিয়ে বল বের করতে না পারে।’

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ পরিকল্পনা অনুযায়ী খেললেও একপর্যায়ে কয়েকজন খেলোয়াড়ের পেশিতে টান ধরে। তারপরও জয় নিয়ে মাঠ ছাড়তে পারায় সন্তুষ্ট কোচ। তার বিশ্বাস, এই জয় বাংলাদেশের প্রাপ্য ছিল।

বাংলাদেশের আক্রমণভাগে নির্ভরযোগ্য নাম্বার নাইন না থাকার বিষয়টি নতুন নয়। সংবাদ সম্মেলনে সেই ঘাটতির কথা স্বীকার করেছেন ডুলি। তবে বিশ্বনাথ ঘোষকে আক্রমণভাগে খেলানোর পরিকল্পনায় বেশ আশাবাদী তিনি। সাধারণত সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেলা বিশ্বনাথকে এবার স্ট্রাইকারের  ভূমিকায় দেখা গেছে।

ডুলির ভাষায়, ‘আমাদের কোনও নাম্বার নাইন নেই। একজন খুঁজে বের করতে হবে। বিশু (বিশ্বনাথ) খুবই আক্রমণাত্মক খেলোয়াড়। সে কখনও থামে না, পুরো শক্তি দিয়ে খেলে। আক্রমণভাগে সে যে শক্তি নিয়ে আসে, তা সামলানো যেকোনও ডিফেন্ডারের জন্য কঠিন।’

বিশ্বনাথকে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেলানো কিছুটা ঝুঁকিপূর্ণ মনে করেন ডুলি। কারণ, তার আগ্রাসী খেলার ধরনে পেনাল্টি কিংবা লাল কার্ডের ঝুঁকি থাকে বলে মনে করেন কোচ। রাইট ব্যাকেও খেলতে পারেন বিশ্বনাথ। তবে তাকে আক্রমণভাগে খেলিয়েই বেশি কার্যকর করতে চান ডুলি।

তিনি বলেন, ‘আমি তাকে এমন একটি জায়গায় খেলাতে চাই, যেখানে সে দলের সবচেয়ে বেশি উপকারে আসবে। আর সেটা হলো আক্রমণভাগ। একজন নাম্বার নাইনকে যেখানে যেতে হয়, সেই জায়গায় আঘাত পাওয়ার ভয় থাকে। কিন্তু সে এ সবকে ভয় পায় না। আমি চেয়েছিলাম সে একটি গোল করুক। দুর্ভাগ্যবশত পারেনি। তবে তার পারফরম্যান্সে আমি অত্যন্ত খুশি।’

দলের সামগ্রিক শক্তি নিয়েও সন্তুষ্ট কোচ। তবে এটিকে উন্নয়নপ্রক্রিয়ার অংশ হিসেবে দেখছেন তিনি। দুই উইং ব্যবহার করে আক্রমণ তৈরি হলেও বক্সে পর্যাপ্ত খেলোয়াড় না থাকায় গোলের সুযোগ কাজে লাগানো কঠিন হচ্ছে বলে মনে করেন ডুলি। বিশেষ করে নাম্বার টেন ও নাম্বার এইটকে আক্রমণে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

দুই উইং থেকে ক্রস এলেও প্রথমার্ধে ফাহিমকে অনেক সময় বক্সের বাইরে পাওয়া গেছে। এ প্রসঙ্গে ডুলি বলেন, ‘গোল পেতে হলে বক্সের ভেতরে খেলোয়াড়ের সংখ্যা বাড়াতে হবে। বক্সে পর্যাপ্ত খেলোয়াড় থাকলে প্রতিপক্ষের ডিফেন্ডাররাও সেখানে ঢুকতে বাধ্য হবে। বল ক্লিয়ার হলেও সেকেন্ড বল পেয়ে ১৮ গজ দূর থেকে শট নেওয়ার সুযোগ থাকবে। আমাদের গেম প্ল্যান এটাই ছিল।’

রক্ষণভাগের সংগঠিত পারফরম্যান্সেও খুশি ডুলি। ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচগুলো থেকে শিক্ষা নিয়ে দলকে আরও গোছানো রাখার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন তিনি। 

ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে নেমে গোল করা ইব্রাহিমের প্রশংসাও করেছেন বাংলাদেশ কোচ। আসিয়ান কাপের দলে তাকে না রাখলেও এবার অনুশীলনে নিজের যোগ্যতা প্রমাণ করেই জায়গা করে নিয়েছেন এই ফরোয়ার্ড।

ডুলি বলেন, ‘নতুন একটি দেশে এলে সব খেলোয়াড়কে চেনা যায় না। কার কী সামর্থ্য, সেটি বুঝতে সময় লাগে। অনেক সময় অনুশীলনে কিছু চোখে পড়ে না। কিন্তু এবার ইব্রাহিম অনুশীলনে নিজের যোগ্যতা প্রমাণ করেছে। সে কারণে তাকে স্কোয়াডে রেখেছি।’

বিশ্বনাথ ক্লান্ত হয়ে পড়ায় এবং মাঝমাঠে বল ধরে রাখার প্রয়োজন থেকেই ইব্রাহিমকে নামানোর সিদ্ধান্ত নিয়েছিলেন কোচ। তার পরিকল্পনা ছিল ইব্রাহিমকে নাম্বার টেন এবং শামিতকে আরও ওপরে খেলানো। তবে ইব্রাহিম নিজেই গোল করে ফেলবেন, সেটি ভাবেননি ডুলি।

ঘরের মাঠে প্রথম ম্যাচের অভিজ্ঞতা নিয়েও সন্তুষ্ট তিনি। স্টেডিয়ামে প্রত্যাশিত দর্শক না থাকলেও যারা এসেছিলেন, তাদের উপস্থিতি খেলোয়াড়দের অনুপ্রাণিত করার জন্য যথেষ্ট ছিল বলে মনে করেন কোচ। পরের ম্যাচে আরও বেশি দর্শক মাঠে আসবেন বলেও আশা তাঁর।

এদিকে, ম্যাচের আগে তপু বর্মনের ফিটনেস নিয়ে শেষমুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে কোচকে। আগের দিন অনুশীলনে পেশিতে অস্বস্তি অনুভব করেন এই ডিফেন্ডার। সকালে সমস্যা বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত একাদশে রাখা সম্ভব হয়নি তাঁকে।

ডুলি জানান, তপু নিজেকে খেলার জন্য প্রস্তুত মনে করলেও ওয়ার্ম-আপের শেষ দিকে বুঝতে পারেন তিনি খেলতে পারবেন না। কোচ বলেন, ‘আমি স্পষ্ট করে দিয়েছিলাম, ৫০-৫০ ফিটনেস নিয়ে মাঠে নামা যাবে না। খেলতে হলে অন্তত ৮০ শতাংশ ফিট থাকতে হবে। শেষ মুহূর্তে তপু নিজেই জানায়, সে পারছে না। তখন শাকিলকে নামাই। সে প্রস্তুত ছিল এবং মাঠে খুব ভালো দায়িত্ব পালন করেছে।’

ভুটানের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু হলেও সামনে আরও উন্নতির জায়গা দেখছেন ডুলি। ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। 

/টিএ/আইএএম/
সম্পর্কিত
সাফ চ্যাম্পিয়নশিপ বদলি নেমে দুই মিনিটেই গোল, বাংলাদেশকে জেতালেন ইব্রাহিম
সাফ চ্যাম্পিয়নশিপ সব হিসাবেই ভুটানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
বাংলাদেশের দর্শকদের সামনে খেলতে মুখিয়ে আছেন শমিত
সর্বশেষ খবর
দুর্যোগে গত এক বছরে ৪৯ শতাংশ শিশুর স্কুলে যাওয়া বন্ধ
দুর্যোগে গত এক বছরে ৪৯ শতাংশ শিশুর স্কুলে যাওয়া বন্ধ
যুদ্ধের কারণে দেশে জ্বালানির মূল্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না: বিদ্যুৎমন্ত্রী
যুদ্ধের কারণে দেশে জ্বালানির মূল্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না: বিদ্যুৎমন্ত্রী
সরকারিভাবে মালয়েশিয়ায় বাংলাদেশিদের চাকরির সুযোগ
সরকারিভাবে মালয়েশিয়ায় বাংলাদেশিদের চাকরির সুযোগ
অসুস্থ মাকে হাসপাতালে নেওয়ার পথে ছেলের মৃত্যু
অসুস্থ মাকে হাসপাতালে নেওয়ার পথে ছেলের মৃত্যু
সর্বাধিক পঠিত
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
আত্মসমর্পণ করতে আদালতে পরীমণি, ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা
আত্মসমর্পণ করতে আদালতে পরীমণি, ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার