ক্রীড়া সাংবাদিকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে তিন সংগঠনের চিঠি, কী বলছেন ক্রীড়া প্রতিমন্ত্রী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ নভেম্বর ২০২৬, ২২:৪৬ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ২২:৪৬

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ শেষে জাতীয় স্টেডিয়ামের মিক্সড জোনে দায়িত্ব পালনকালে পুলিশের হামলার শিকার হয়েছেন ক্রীড়া সাংবাদিকরা। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের ক্রীড়া সাংবাদিকদের তিন সংগঠন। ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ী পুলিশ সদস্যদের শনাক্ত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ চার দফা দাবিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, বাফুফে সভাপতি, সাফ সভাপতি ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর পৃথক চিঠি দিয়েছে সংগঠনগুলো।

বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ শেষে জাতীয় স্টেডিয়ামের নির্ধারিত মিক্সড জোনে পেশাগত দায়িত্ব পালন করছিলেন একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নাহিয়ান বিন জসীম, স্পোর্টস রিপোর্টার হাসান সজিবসহ অন্য সাংবাদিকরা। এ সময় একপর্যায়ে পুলিশ সদস্যরা তাদের ওপর হামলা চালান।

এ ঘটনায় গুরুতর আহত হন একাত্তর টেলিভিশনের স্পোর্টস রিপোর্টার হাসান সজিব। তার পায়ে আঘাত লাগে এবং কান থেকে রক্তক্ষরণ হয়। একই টেলিভিশনের ক্যামেরাপার্সনকে এম মিজানের কনুই রক্তাক্ত হয়। ভাঙচুর করা হয় তার ক্যামেরাও। শারীরিক লাঞ্ছনার শিকার হন সিনিয়র রিপোর্টার নাহিয়ান বিন জসীমও।

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ), বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি (বিএসজেসি) যৌথ বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ জানিয়েছে।

প্রতিবাদলিপিতে ঘটনার নিরপেক্ষ তদন্তে কমিটি গঠন, হামলায় জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি সাফ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দায়িত্ব পালনে অবহেলা এবং টুর্নামেন্ট আয়োজনের অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার বিষয়টিও তদন্তের আহ্বান জানিয়েছে সংগঠনগুলো।

দেশের সব স্টেডিয়াম ও ক্রীড়া ভেন্যুতে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের জন্য স্থায়ী ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে তারা। আগামী শনিবার সেমিফাইনালের আগে দৃশ্যমান কোনও সিদ্ধান্ত না এলে জাতীয় স্টেডিয়ামে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

যৌথ প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেছেন ক্রীড়া লেখক সমিতির সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ, বিএসজেএর সাধারণ সম্পাদক এসএম সুমন এবং বিএসজেসির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম।

আন্তর্জাতিক ফুটবল ম্যাচগুলোতে সাধারণত মিক্সড জোনে শুধু সাংবাদিকদেরই প্রবেশাধিকার থাকে। সেখানে দর্শক কিংবা অন্য কারও উপস্থিতি থাকে না। কিন্তু জাতীয় স্টেডিয়ামে মিক্সড জোনে সাধারণ দর্শকদেরও প্রবেশের সুযোগ থাকছে। এতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন ঘটছে। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে পুলিশ সদস্যদেরও।

সাংবাদিকদের জন্য মিক্সড জোন সুরক্ষিত রাখার দাবি অনেক আগে থেকেই বাফুফেকে জানিয়ে আসছিলেন ক্রীড়া সাংবাদিকরা। কিন্তু কার্যকর ব্যবস্থা না নেওয়ায় শেষ পর্যন্ত এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হতে হলো তাদের।

এদিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ বৃহস্পতিবার এক অনুষ্ঠানে ক্রীড়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা। স্টেডিয়ামে খেলা দেখতে কারও সঙ্গে এ রকম ঘটনা কখনোই কাম্য নয়, সাংবাদিকদের সঙ্গে তো নয়-ই। আমি বিষয়টি কালকেই তাৎক্ষণিকভাবে ডিএমপি কমিশনারের সঙ্গে আলাপ করেছি। তিনি বিষয়টি দেখছেন।’

ঘটনার ফুটেজ রয়েছে এবং জাতীয় স্টেডিয়াম সিসিটিভি ক্যামেরার আওতাধীন। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি ফুটেজ দেখেছি, ডিএমপি কমিশনারও দেখছেন। আমি প্রয়োজনে আজ আবার তার সঙ্গে এই বিষয়ের আপডেট নেবো। ভবিষ্যতে এ রকম ঘটনা যেন না ঘটে, সেটার ব্যাপারেও ভূমিকা থাকবে জোরালোভাবে।’

আগামী শনিবার সেমিফাইনালের আগেই কার্যকর সিদ্ধান্ত চায় সাংবাদিকরা।

/টিএ/আইএএম/
সম্পর্কিত
বাংলাদেশের কাছে হেরে জাতির কাছে দুঃখ প্রকাশ করলো শ্রীলঙ্কা 
পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের
টেস্ট চ্যাম্পিয়নশিপ সম্প্রসারণে আপত্তি ইংল্যান্ডের!
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো ফিনলে চা কোম্পানির একটি কারখানা 
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো ফিনলে চা কোম্পানির একটি কারখানা 
অধিনায়কত্বের অভিষেকেই হামজার গোল-অ্যাসিস্ট, তবু বলছেন ‘অনেক পথ বাকি’
অধিনায়কত্বের অভিষেকেই হামজার গোল-অ্যাসিস্ট, তবু বলছেন ‘অনেক পথ বাকি’
কৃত্রিম প্রবালপ্রাচীর গড়তে ডুবিয়ে দেওয়া হলো এক সময়ের দ্রুততম জাহাজ
কৃত্রিম প্রবালপ্রাচীর গড়তে ডুবিয়ে দেওয়া হলো এক সময়ের দ্রুততম জাহাজ
সর্বাধিক পঠিত
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা