বেঙ্গালুরুর সাফের পর আবারও সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। নিজেদের মাঠে এখন ফাইনাল খেলার হাতছানি। শনিবার (১৪ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। দুই দলেই রয়েছে প্রবাসী ফুটবলার। তাই প্রতিপক্ষ নিয়ে বাড়তি সতর্ক স্বাগতিক দলের কোচ টমাস ডুলি।
এশিয়ান কাপে ফিলিপাইন ও ভিয়েতনামের বিপক্ষে পাকিস্তানের পারফরম্যান্সের কথা উল্লেখ করে আজ অনুশীলনের ফাঁকে ডুলি বলেন, ‘আমি শুরু থেকেই বলছি, প্রতিটি দলই আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক। এখন পাকিস্তানের বিপক্ষে খেলাটাই সম্ভবত সবচেয়ে কঠিন। ওরা খুব শক্তিশালী। এশিয়ান কাপে ফিলিপাইন ও ভিয়েতনামের বিপক্ষে দারুণ ফল করেছে এবং ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়েছে। তাই কোনোভাবেই তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আমাদের শতভাগ প্রস্তুত থাকতে হবে।’
পাকিস্তানের দলে ইউরোপে খেলা পাঁচ জন প্রবাসী ফুটবলার যুক্ত হওয়ায় চ্যালেঞ্জ আরও বাড়বে বলে মনে করেন ডুলি। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের জয়ের পর নিজের দলের পারফরম্যান্সে সন্তুষ্ট তিনি। কোচের প্রত্যাশা, আগের ম্যাচের লড়াকু মানসিকতা ধরে রাখতে পারবে বাংলাদেশ।
ডুলি বলেন, ‘আমাদের লড়াই করতে হবে। সমর্থকদের দেখাতে হবে যে, আমরা ফুটবল খেলতে পারি, লড়াই করতে পারি। আমরা সমর্থকদের জন্য খেলি। পাকিস্তানকেও দেখাতে হবে, আমাদের হারানো সহজ নয়। তাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে। আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। ম্যাচটি লড়াইয়ের হবে। তবে ফল নিজেদের পক্ষে আনতে সর্বোচ্চ চেষ্টা করবো।’
পাকিস্তানের এক স্ট্রাইকারের তিন গোল নিয়েও প্রশ্ন করা হয় বাংলাদেশ কোচকে। জবাবে নিজের রক্ষণভাগের ওপর আস্থা প্রকাশ করেন তিনি। ডুলির ভাষায়, ‘আমি সবাইকে নিয়েই চিন্তিত। তবে আমাদের রক্ষণভাগও শক্তিশালী। আমাদের বিপক্ষে কেউ গোল করতে পারেনি। ম্যাচের পর ম্যাচ আমরা আরও শক্তিশালী হচ্ছি। ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতেও আমাদের রক্ষণভাগ ভালো। শেষ পর্যন্ত বিষয়টি নির্ভর করবে কারা বেশি জিততে চায় তার ওপর। আজকের মিটিংয়েও আমরা বলবো, আমাদের চেয়ে বেশি জয়ের ক্ষুধা আর কারও নেই।’
সেমিফাইনালের আগে পাকিস্তান পাঁচ দিন বিশ্রাম পেলেও সেটিকে বড় করে দেখছেন না ডুলি। তার মতে, বিশ্রাম কিছুটা সহায়ক হলেও মাঠের পারফরম্যান্স নির্ভর করবে খেলোয়াড়দের শারীরিক ও মানসিক প্রস্তুতির ওপর। তিনি বলেন, ‘আমাদের কাছে এই ম্যাচটিই ফাইনাল। টুর্নামেন্টে প্রতিটি ম্যাচই ফাইনালের মতো, তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি সত্যিকার অর্থেই গুরুত্বপূর্ণ। ফাইনালে যেতে হলে আমাদের ওদের হারাতে হবে। আর সাফ জিততে হলে শেষ পর্যন্ত সবাইকে হারাতে হবে। এটাই আমাদের লক্ষ্য।’
শ্রীলঙ্কার বিপক্ষে চার গোলের জয় বাংলাদেশের আক্রমণভাগ নিয়ে স্বস্তি ফিরিয়েছে কোচের মধ্যে। বিশেষ করে বিশ্বনাথ ঘোষ ও ফারহান আলীর ভূমিকার প্রশংসা করেছেন তিনি। ডুলির মতে, বিশ্বনাথকে প্রচলিত অর্থে স্ট্রাইকার বলা না গেলেও প্রতিপক্ষের বিপজ্জনক জায়গায় ঢোকার সামর্থ্য আছে তার।
তিনি বলেন, ‘চারটি গোল করলে অবশ্যই স্বস্তি লাগে। অনেকে বলেছে, বিশ্বনাথ নাম্বার নাইন নয়, ইব্রাহিমও নাম্বার নাইন নয়। কিন্তু বিশ্বনাথ এমন একজন, যে বিপজ্জনক জায়গায় ঢুকে পড়ে। একজন নাম্বার নাইনকে এমন জায়গায় যেতে হয়, যেখানে প্রতিপক্ষের চ্যালেঞ্জ সামলাতে হয়। অনেকেই সেটা করে না। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্ব তিনটি সুযোগ পেয়েছিল, অল্পের জন্য গোল হয়নি।’
ফারহান আলীর পারফরম্যান্সেও খুশি ডুলি। পেনাল্টি বক্সে তার ড্রিবলিং ও গতি প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করছে বলে মনে করেন কোচ। পাশাপাশি বদলি হিসেবে নেমে সুখি দুর্দান্ত খেলায় দলের আক্রমণভাগ নিয়ে আত্মবিশ্বাস বেড়েছে তার। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী না হওয়ার সতর্কবার্তাও দিয়েছেন তিনি। ডুলির মতে, বাংলাদেশের আক্রমণভাগে এখন একাধিক খেলোয়াড় গোলের জন্য বিপজ্জনক হয়ে উঠেছেন। ফলে প্রতিপক্ষের পক্ষে শুধু একজনকে আটকে রাখলেই চলবে না।
দর্শকদের প্রতিও বিশেষ বার্তা দিয়েছেন বাংলাদেশ কোচ। জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে আরও বেশি দর্শক দেখতে চান তিনি। ডুলি বলেন, ‘স্টেডিয়ামে সম্ভবত আট-নয় হাজার আসন ফাঁকা ছিল। আশা করি, এবার সেগুলো পূর্ণ হবে। দর্শকরা মাঠে এসে আমাদের খেলোয়াড়দের উৎসাহ দেবেন, পুরো দলকে এগিয়ে যেতে শক্তি জোগাবেন। আগের ম্যাচে যারা এসেছিলেন, তাদের সমর্থন ছিল অসাধারণ। তবে আরও বেশি দর্শক এলে আমাদের জন্য তা বাড়তি অনুপ্রেরণা হবে।’
এদিকে তপু বর্মণ, সোহেল রানা ও বিশ্বনাথ ঘোষের শারীরিক অবস্থা নিয়েও কথা বলেছেন ডুলি। তপু অনুশীলনে ফিরেছেন এবং পায়ে ব্যথা অনুভব করছেন না বলে জানিয়েছেন কোচ। তবে দীর্ঘদিন ম্যাচের বাইরে থাকায় তাকে একাদশে ফেরানোর ক্ষেত্রে সতর্ক থাকতে চান তিনি।
তপুকে নিয়ে ডুলি বলেন, ‘তপু এখন আমাদের সঙ্গে অনুশীলন করছে। সে জানিয়েছে, পায়ে কোনও ব্যথা নেই এবং স্বাভাবিক অনুভব করছে। রক্ষণভাগে প্রয়োজন হলে সে প্রস্তুত আছে। তবে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকার পর শুধু এসে বললেই হয় না যে আমি প্রস্তুত। অনুশীলনে পারফরম্যান্স দেখাতে হয়। এখন আমাদের দলে জিদান আছে। তাকে একাদশ থেকে সরানো কঠিন। তরুণ খেলোয়াড়েরা সুযোগ পেয়ে নিজেদের প্রমাণ করছে, এটাই ফুটবলের সৌন্দর্য।’
সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালকে ফাইনালের মতোই গুরুত্ব দিচ্ছেন ডুলি। ঘরের মাঠে দর্শকদের সমর্থন নিয়ে ফাইনালে ওঠাই এখন বাংলাদেশের প্রধান লক্ষ্য।