বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচনে সরকার কিংবা সরকারি দলের কোনও প্রভাব নেই বলে মন্তব্য করেছেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি আ জ ম নাছির উদ্দিন। বৃহস্পতিবার বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমি স্পষ্টভাবে বলতে চাই বাফুফের ৩০ এপ্রিলের নির্বাচন অবাধ, গণতান্ত্রিক ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হবে।'
বাফুফের নির্বাচন প্রক্রিয়া সরকার বা সরকারি দলের কোনও প্রভাব নেই জানিয়ে নাছির উদ্দিন বলেন, 'নির্বাচনে সরকারের কোনও প্রভাব নেই, ভবিষ্যতেও থাকবে না। নির্বাচনে প্রধানমন্ত্রীর সংশ্লিষ্টতা বা কোনও নির্দেশনা আছে বলেও আমার জানা নেই।'
তিনি আরও বলেন, 'আমি একজন মেয়র, ক্রীড়া সংগঠক ও একটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে বলতে পারি প্রধানমন্ত্রী বাফুফে নির্বাচন সংশ্লিষ্ট কোনও ব্যাপারে কাউকে কোনও নির্দেশনা দেননি। তিনি কারও সঙ্গে দেখাও করেননি।'
বাফুফেতে দিনভর গুঞ্জন ছিল সরকারের নির্দেশে সমঝোতামূলক প্যানেল হবে। নির্বাচন হবে না। এ প্রসঙ্গে নাছির উদ্দিন বলেন, '৩০ এপ্রিল নির্বাচন হবে। এখন পর্যন্ত কোনও সমঝোতা হয়নি। সমঝোতার কোনও উদ্যোগও নেওয়া হয়নি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা।'
তিনি আরও বলেন, ‘তৃণমূল পর্যায়ে জেলা ও বিভাগীয় সংগঠকরা ফুটবলকে বাঁচিয়ে রেখেছেন। ফুটবলের জন্য তারাই কাজ করেন। সর্বসম্মতি ক্রমে ৭জন প্রার্থী জেলা ও বিভাগীয় ক্রীড়া পরিষদ থেকে কাজী সালাহউদ্দীনের প্যানেল মনোনীত করা হয়েছে। আমাদের ঐক্যে কোনও ফাটল নেই। যে প্যানেলটি দেশের ফুটবল উন্নয়নে কাজ করতে পারবে বলে মনে করি, আমরা তাদের সমর্থন দেব।’
বাফুফে নির্বাচনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সংশ্লিষ্টতা প্রসঙ্গে তিনি বলেন, 'তিনি (নাজমুল হাসান পাপন) বেশ কয়েকদিন বিদেশে ছিলেন। কাল বা পরশু আবারও দেশের বাইরে যাচ্ছেন। ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট হিসেবে বলতে পারি বাফুফে নির্বাচনে তার কোনও আগ্রহ নেই। ফুটবলের লোকজন তার কাছে যেতেই পারে।'
/আরএম/এমআর/








