বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্বে থাকা টমাস ডুলি এবার প্রকাশ্যেই ক্ষোভ ঝাড়লেন অধিনায়ক জামাল ভূঁইয়া ও ফরোয়ার্ড মোরসালিনকে ঘিরে। জামালের সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্য, দলের স্টাফ ও ম্যানেজমেন্ট নিয়ে মন্তব্য এবং মোরসালিনের অনুশীলনে অনিয়মিত থাকার বিষয়টি সামনে এনে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি। একইসঙ্গে জাতীয় দলে খেলতে হলে দেশের প্রতি শতভাগ নিবেদন ও নিয়মিত অনুশীলনের প্রয়োজনীয়তার কথাও বলেছেন এই আমেরিকান-জার্মান কোচ।
সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে হারের পর ডুলির কৌশল ও দল পরিচালনা নিয়ে সমালোচনা হচ্ছে। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে (৪ গোলে জিতলেও) তার কৌশল এবং সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। শ্রীলঙ্কা ম্যাচে ২ গোলে এগিয়ে থেকে হামজা শমিতকে শেষ মিনিট পর্যন্ত খেলানোর বিষয়টিও রয়েছে। এসব সমালোচনার জবাব দিতে গিয়ে ডুলি নিজের কৌশলের পক্ষে সাফাই গেয়েছেন। পাশাপাশি জামাল ও মোরসালিন প্রসঙ্গেও কথা বলেছেন।
জামালের নাম সরাসরি উল্লেখ করে ডুলি প্রশ্ন তুলেছেন, অধিনায়ক হিসেবে দলের স্টাফ ও ম্যানেজমেন্টের বিরুদ্ধে সংবাদমাধ্যমে কথা বলা কতটা সমীচীন। তার মতে, অধিনায়কের এমন আচরণ করা উচিত নয়। এ প্রসঙ্গে হামজা দেওয়ান চৌধুরীর উদাহরণ টেনে ডুলি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হামজা কখনও এমন করতো না। ওর উচিত তাকে অনুসরণ করা।’
জামালের দলের ভেতরের বিষয় সংবাদমাধ্যমে প্রকাশ্যে আনা নিয়ে তার আপত্তি পরিষ্কার। সমালোচকদের নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। ডুলির ভাষায়, ‘সমালোচকেরা কারা? যারা কখনও মাঠেই খেলেনি, অথবা যাদের ভিন্ন মতামত আছে।’
আর জামালের একাদশে না থাকা নিয়ে ৬৫ বছর বয়সী কোচ বললেন, ‘আমি ওকে কার জায়গায় নামাবো? হামজা, শমিত নাকি কাজেমের জায়গায়!’
অন্যদিকে, মোরসালিন প্রথম ম্যাচে জ্বর থাকায় খেলেননি। সাফের পর দুটি ম্যাচে নিজেকে ফিট দাবি করে কেন খেলতে পারেননি জানেন না কোচ। অনুশীলনে অংশগ্রহণের বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন বাংলাদেশ কোচ। তার দাবি, গত ছয় মাসে বিশেষ করে সান মেরিনো ম্যাচ থেকে মোরসালিন কতটি অনুশীলন সেশনে অংশ নিয়েছে, সেটি আগে জানা প্রয়োজন। ডুলি বলেন, ‘আপনি তাকে জিজ্ঞেস করেন, গত ছয় মাসে কয়দিন অনুশীলন করেছে। তারপর আমাকে উত্তর দেন, সে খেলতে পারবে কি না!’
জাতীয় দলের হয়ে খেলতে হলে দেশের জন্য সর্বোচ্চটা দেওয়ার মানসিকতা থাকতে হবে বলেও মনে করেন ডুলি। তার কথায়, ‘আপনি যদি দেশের হয়ে খেলতে চান, তবে দেশের জন্য জীবন দিতে হবে এবং নিজের সবটুকু উজাড় করে দিতে হবে।’
মোরসালিনের ফিটনেস ও অনুশীলন নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি নিজের অবস্থানও তুলে ধরেছেন ডুলি। তার ভাষ্য, ‘আমিও খেলার মতো ফিট ছিলাম।’
পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে হারের পর নিজের কৌশল নিয়ে ওঠা প্রশ্নের জবাবেও বেশ আক্রমণাত্মক ছিলেন ডুলি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তার কৌশল নিয়ে প্রশংসা করা হলেও ফাইনালে একই ধরনের মূল্যায়ন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। ডুলির দাবি, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ৬৩ শতাংশ বলের দখল রেখেছিল। রাকিবের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট না হলে দল এগিয়েও যেতে পারতো। শেষ পর্যন্ত ৮৬ মিনিটে ব্যক্তিগত ভুলে গোল হজম করে হারতে হয়েছে।
ডুলির মতে, পাকিস্তানের বিপক্ষে খেলার পরিকল্পনা ও কৌশলে ভুল ছিল না, কিন্তু ফল পক্ষে আসেনি। তিনি বলেন, ‘খেলাটাও ঠিক ছিল, গেম প্ল্যানও ঠিক ছিল। ফলটা ঠিক আসেনি।’
পাকিস্তানের বিপক্ষে রক্ষণভাগের প্রশংসা করে ডুলি আরও বলেন, ‘প্রতিপক্ষের কয়েকজন শক্তিশালী ডিফেন্ডার অসাধারণ খেলেছেন। তাদের মধ্যে দুজন তো হামজার মতো খেলোয়াড় ছিল। অনেকটা সময় ওরা হামজাকে আটকে রাখতে পেরেছিলেন। ওরা আসলেই অসাধারণ খেলেছে। তবে মাঝমাঠের ফাঁকা জায়গায় বাংলাদেশের পাসিং ভালো হয়নি।’
আর শ্রীলঙ্কা ম্যাচে হামজা শমিতদের পুরো সময় খেলানো প্রসঙ্গে কোচের উত্তর, ‘এমন আন্তর্জাতিক খেলোয়াড় আছেন যারা সপ্তাহে ৩টা করে ম্যাচ খেলেন; ওই খেলোয়াড়রা সারা বছর প্রতিদিন অনুশীলন করেন, আমাদের স্থানীয় খেলোয়াড়দের মতো নন, যারা ৩.৫ মাস অনুশীলনই করেন না!!!’