ফুটবলকে কেন্দ্র করে কূটনৈতিক সম্পর্ক, বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে ঢাকায় বসছে নবম এম্বাসি ফুটবল ফেস্ট। আগামী ৪ ও ৫ ডিসেম্বর রাজধানীর আগা খান স্কুলের মাঠে দুই দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনে অংশ নেবে ৩৭টি কূটনৈতিক মিশন ও আন্তর্জাতিক সংস্থা।
বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় বরাবরের মতো সহযোগিতায় রয়েছে গেমপ্লে লিমিটেড। এতে বিভিন্ন দেশের কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা ফুটবলের মাধ্যমে বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দেবেন।
এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ‘ফুটবলের মাঠে প্রতিযোগিতা, মাঠের বাইরে বন্ধুত্ব’। আনুষ্ঠানিক কূটনৈতিক আলোচনার বাইরে খেলাধুলার মাধ্যমে বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, আস্থা ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।
এবারের আসরে অংশগ্রহণকারী দেশ ও সংস্থার তালিকায় রয়েছে আলজেরিয়া, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভুটান, ব্রাজিল, কানাডা, ডেনমার্ক, মিশর, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম), ইরাক, ইতালি, জাপান, লিবিয়া, মালয়েশিয়া, মরক্কো, নেপাল, নেদারল্যান্ডস, নরওয়ে, পাকিস্তান, ফিলিস্তিন, রাশিয়া, সৌদি আরব, সুইডেন, তুরস্ক, যুক্তরাজ্য, জাতিসংঘ, ইউএনএইচসিআর, ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্বব্যাংক।
টুর্নামেন্টের উদ্বোধন হবে ৪ ডিসেম্বর সকাল ১০টায়। উদ্বোধন করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রথম দিন গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হবে। পরদিন নকআউট পর্ব ও ফাইনাল শেষে বিকাল ৫টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে আসরের।
এবারের আসরে পরিবেশ সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। পুরো টুর্নামেন্টে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ রাখা হয়েছে। আয়োজকদের ঘোষণা অনুযায়ী, নবম এম্বাসি ফুটবল ফেস্ট হবে প্লাস্টিকমুক্ত আয়োজন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. নজরুল ইসলাম, সৌদি আরবের কান্ট্রি ম্যানেজার সালমান এ আলালি, জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম, ব্রাদার্স ফার্নিচারের পরিচালক শরিফুজ্জামান সরকারসহ আয়োজক ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
উল্লেখ্য, ছয়টি আসর পেরিয়ে এম্বাসি ফুটবল ফেস্ট এখন আন্তর্জাতিক সম্প্রীতি ও সাংস্কৃতিক বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। ফুটবলের প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন দেশের সংস্কৃতি, বৈচিত্র্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ তুলে ধরাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।