কাল শুক্রবার বিকাল ৩টায় গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকির শেষ খেলায় নির্ধারিত হবে শিরোপা নির্ধারণ। আর এতে মুখোমুখি হবে প্রতিদ্বন্দ্বী চারবারের চ্যাম্পিয়ন ঊষা ও প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলার স্বপ্নে বিভোর মেরিনার ইয়াংস।
প্রিমিয়ার ডিভিশন হকি লিগের এটি ৩০ তম আসর; ৯৭ সাল পর্যন্ত প্রথম বিভাগ আর ১৯৯৮ সাল থেকে প্রিমিয়ার ডিভিশনের এটি ১১তম আসর।
ঊষা ২০০৪, ২০০৬, ২০০৮ ও ২০১০ সালের চ্যাম্পিয়ন। মেরিনার্স ২০০৬ ও ২০১০ সালে দুইবারের রানার্স-আপ। এর আগে দেশের শীর্ষ হকির আসরে কখনও চ্যাম্পিয়ন হয়নি মেরিনার্স।
১৫ খেলায় মেরিনার্সের পয়েন্ট ৪০, উষার ৩৮। ড্র হলে মেরিনার্স চ্যাম্পিয়ন, ঊষাকে চ্যাম্পিয়ন হতে হলে জিততেই হবে এই ম্যাচ।
দুই দলের উল্লেখযোগ্য খেলোয়াড়:
ঊষা-
পিসি স্পেসালিস্ট- আলিম বেলাল
ফরোয়ার্ড লাইনে- কৃষ্ণ কুমার, পুষ্কর খিশা মিমো, হাসান যুবায়ের নিলয়, গেমমেকার- অধিনায়ক সারোয়ার হোসেন
মেরিনার্স-
ফরোয়ার্ড- মইনুল ইসলাম কৌশিক, এবারের লিগের নতুন প্রতিভা আরশাদ হোসেন, পাকিস্তানি ফরোয়ার্ড ওয়াকাস শরিফ,
ডিফেন্ডার- চেক ডিফেন্ডার টমাস পুচাসকা
এবং বাংলাদেশের দুই পিসি স্পেশালিস্ট অধিনায়ক মামুনুন রহমান চয়ন ও আশরাফুল ইসলাম
ঊষা কোচ মামুনুর রশিদের ম্যাচ পূর্ব বক্তব্য: গত ম্যাচে পরাজয়ে মন ভাঙার কিছু নেই, আমি এটিকে ফ্যাটিগ ফ্যাক্টর বলবো। ১৫ ম্যাচে এসে পরাজয়ের মুখ দেখেছি কিন্তু তাতে বেশি ক্ষতি হয়নি। আমাদের প্রয়োজন একটি জয়, তা অর্জন করা সম্ভব। আর আমরা এটি করতে বদ্ধপরিকর। প্রথম পর্বে ৪-১ গোলে জিতেছিলাম কিন্তু তা এখন অতীত, কাল নতুন ম্যাচ, নতুন দিন। আশা করি খেলোয়াড়রা তাদের ভুল শুধরে নেবে। আর মোহামেডানের বিপক্ষে ম্যাচে জিতলে তো আর চ্যাম্পিয়ন হতাম না। কাল জিতলে ঊষা চ্যাম্পিয়ন; চ্যাম্পিয়ন হওয়ার জন্য ঊষা প্রস্তুত। খেলোয়াড়রা তাদের সেরা নৈপুণ্য উজাড় করে দেবে। প্রতিপক্ষ মেরিনার্স কাউন্টার অ্যাটাক নির্ভর দল। আমরা এ ব্যাপারে সজাগ থাকবো।
মেরিনার্স কোচ রাখ গেরহার্ড পিটারের ম্যাচ পূর্ব বক্তব্য: আমার খেলোয়াড়রা শিরোপার এত কাছে এসে তা হাতছাড়া করতে চায় না। আমাদের টিম স্পিরিট তুঙ্গে, আমি খেলোয়াড়দের চোখে দেখি শিরোপা জয়ের নেশা। আমি প্র্যাকটিস সিডিউল না দিলেও তারা মাঠে চলে আসে, নিজেরাই নেমে পড়ে অনুশীলনে। এমন দলের কাছে শিরোপা আসবে না তা আমি ভাবতে পারি না। আমি কোনও নির্দিষ্ট খেলোয়াড়ের ওপর নির্ভরশীল নই। আমি টিমওয়ার্কে বিশ্বাস করি আর তার প্রমাণ আমি রেখেছি। সম্ভবত আমার দলের স্কোরারের সংখ্যা লিগে সবচেয়ে বেশি। ঊষা ভালো দল আর মাঝমাঠ নিয়ন্ত্রণ করতে চায়। তবে পেনাল্টি কর্নারে বেশি মনোযোগী। আমরা তাদের বিপক্ষে জয়ের জন্য মাঠে নামবো এবং জয়ী হবো।
/আরএম/এফআইআর/








