বকেয়া টাকা না দেওয়ায় হকি ফেডারেশন থেকে নিষিদ্ধ হয়েছিলেন সাবেক তারকা খেলোয়াড় রফিকুল ইসলাম কামাল। ২৪ ঘণ্টা যেতে না যেতেই টাকা পরিশোধ করে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সকালে হকি ফেডারেশনের পাওনা ৭৪ হাজার টাকা বুঝিয়ে দিয়েছেন কামাল। টাকা পরিশোধ করে দেওয়ায় স্বয়ংক্রিয়ভাবে তার ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়ে গেছে। টাকা পরিশোধ ও নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিষয়টি কামাল নিজেই নিশ্চিত করেছেন বাংলা ট্রিবিউনকে।
হকি ফেডারেশনে টাকা জমা দিয়ে কামাল বলেছেন, ‘আজ (বৃহস্পতিবার) সকালেই আমি ৭৪ হাজার টাকা ফেডারেশনে জমা দিয়েছি। আশা করছি আমার ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়ে যাবে। এটা আসলে ভুল বোঝাবুঝি। তবে আমার মনে হয় সবারই আর্থিকভাবে স্বচ্ছ থাকা উচিত, যেন ভবিষ্যতে কোনও সমস্যা না হয়।’
কামালের নিষেধাজ্ঞার ব্যাপারে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেকের বক্তব্য, ‘কামালকে আমরা আসলে সাসপেন্ড করতে চাইনি। কিন্তু কেউ যদি ফেডারেশনের টাকা নিয়ে ফেরত না দেয়, তাহলে কী করার আছে। চার বছর ধরে ওকে অনেক অনুরোধ করা হয়েছে, চিঠি দেওয়া হয়েছে একাধিক। কিন্তু কামাল কোনও সায় দেয়নি।’
তবে এখন ঝামেলা শেষ হয়ে গেছে বলেও নিশ্চিত করেছেন হকি ফেডারেশনের এই কর্তা, ‘এখন তার (কামালের) বোধদয় হয়েছে। নিষিদ্ধ হওয়ার পরের দিনই টাকা দিয়ে গেল। এই টাকা আগে দিলে তো এমন সমস্যার মধ্যে পড়তে হতো না। টাকা দেওয়ায় এখন নিষেধাজ্ঞা এমনিতেই উঠে গেছে।’
চার বছর আগে স্কুল হকির ভেন্যু ম্যানেজারের দায়িত্ব পালনের সময় টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ছিল কামালের বিরুদ্ধে।







