আগামী ১১ থেকে ১৮ মার্চ ইন্দোনেশিয়াতে অনুষ্ঠিত হবে এএইচএফ কাপ হকি। এশিয়া কাপের বাছাই এই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশও। তবে অংশ নিতে হলে শর্ত পালন করতে হবে খেলোয়াড়দের। নেওয়া থাকতে হবে করোনাভাইরাসের ডাবল ডোজ টিকা।
রবিবার ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। সেখানেই বলা হয়েছে, ডাক পাওয়া খেলোয়াড়দের ডাবল ডোজ টিকা নেওয়ার সনদ ফেডারেশনে জমা দিতে। সেটি করতে হবে আগামী মঙ্গলবারের মধ্যে। সব শর্ত পূরণ হলে ১২ ফেব্রুয়ারি বিকেএসপিতে বিকাল ৩ টায় মালয়েশিয়ার কোচ গোপিনাথন কৃষ্ণমূর্তির কাছে খেলোয়াড়রা নিজেদের উপস্থিতির জানান দিতে পারবেন।
এ প্রসঙ্গে হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ইন্দোনেশিয়াতে খেলতে হলে করোনার ডাবল ডোজ টিকা বাধ্যতামূলক। যে সব খেলোয়াড়দের ডাবল ডোজ টিকা নেওয়া আছে, তাদের নিয়েই বিকেএসপিতে দলের অনুশীলন হবে।’
প্রাথমিক দলে যারা সুযোগ পেয়েছেন-
বিপ্লব কুজুর, আবু সাইদ নিপ্পন, অসীম গোপ, নুজ্জামান নয়ন, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শিতুল, আশরাফুল ইসলাম, সোহানুর রহমান সবুজ,মেহেদি হাসান, রেজাউল করিম বাবু, শফিউল আলম শিশির, সারোয়ার মোরশেদ শাওন, খালেদ মাহমুদ রাকিন, সারোয়ার হোসেন, রোমান সরকার, নাইম উদ্দিন, ফজলে হোসেন রাব্বী, প্রিন্স লাল সামন্ত, রাজু আহমেদ তপু, আবেদ উদি্দন, রাসেল মাহমুদ জিমি, মিলন হোসেন, পুষ্কর খীসা মিমো, আরশাদ হোসেন, দ্বীন ইসলাম ইমন, রাকিবুল হাসান রবি, মাহবুব হোসেন ও রাজীব দাস।








