এশিয়া কাপ হকিতে স্থান নির্ধারণী ম্যাচে প্রত্যাশিত জয় পেয়েছে বাংলাদেশ। রবিবার ইন্দোনেশিয়াকে হারিয়েছে ৪-২ গোলে। এ নিয়ে চলতি বছরে তাদের বিপক্ষে টানা তিনটি ম্যাচ জিতেছে লাল-সবুজ দল। এখন পঞ্চম ও ষষ্ঠস্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১ জুন।
জাকার্তায় ম্যাচ ঘড়ির ১৩ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। রাসেল মাহমুদ জিমি আক্রমণ থেকে গোল করে দলকে এগিয়ে নেন। ২০ মিনিটে আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেছেন। ২০ মিনিটেই আবার একটি গোল শোধ দেয় স্বাগতিকরা। আল আকবর আব্দুল্লাহ আক্রমণ থেকে গোল করেন।
তবে ২৪ মিনিটে দ্বীন মোহাম্মদ ইমন আক্রমণ থেকে গোল করে স্কোরলাইন ৩-১ করে নেন। ৩৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আবার দ্বিতীয় গোল শোধ দেন আরদাম। ৫৯ মিনিটে আক্রমণ থেকে গোল করে ইন্দোনেশিয়াকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেন পুস্কর খীসা মিমো।








