গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে জয় দিয়ে শুরু করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
শুক্রবার কৃত্রিম আলোতে মওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে মোহামেডান ৪-০ গোলে আজাদ স্পোর্টিংকে হারায়।
৬০ মিনিটের ম্যাচে প্রথম দুই কোয়ার্টার ছিল গোলশূন্য। আজাদের মতো অনভিজ্ঞ একটি দলের বিপক্ষে গোল পেতে ৩৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। পরের মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম গোল করলে স্বস্তি ফেরে সাদা-কালো শিবিরে।
৩৯ মিনিটে দ্বীন ইসলাম ইমনের ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ হয়। খেলার ৪৩ মিনিটে রাসেল মাহমুদ জিমি পেনাল্টি কর্নার থেকে গোল করলে ব্যবধান ৩-০ তে দাঁড়ায়। এরপর খেলার চতুর্থ ও শেষ কোয়ার্টার গিয়ে আরও এক গোল মোহামেডানের। ৫৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ম্যাচের শেষ গোলটি করেন ডিফেন্ডার মনোজ বাবু।
এর আগে বাংলাদেশ স্পোর্টিং প্রিন্স কুমারের হ্যাটট্রিকে ৬-৪ গোলে ভিক্টোরিয়াকে হারায়।









