আবাহনী-মোহামেডান ম্যাচের আগে জিমিকে নিয়ে উত্তপ্ত হকি অঙ্গন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২৪, ১৯:২৮আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১৯:২৮

প্রিমিয়ার হকি লিগে শুক্রবার শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামতে যাচ্ছে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং। তার আগেই তারকা খেলোয়াড় রাসেল মাহমুদ জিমিকে ঘিরে উত্তপ্ত হকি অঙ্গন।

তিন হলুদ কার্ডের কারণে কাল মোহামেডানের হয়ে জিমি খেলতে পারবেন না। বিষয়টি পুনর্বিবেচনার জন্য মোহামেডান ক্লাব থেকে ফেডারেশন ও লিগ কমিটিকে চিঠি দেওয়া হয়েছে। অন্যথায় কাল ম্যাচ না খেলার একধরনের সিদ্ধান্ত নিয়ে রেখেছে তারা। বৃহস্পতিবার ক্লাবের সভা কক্ষে কর্মকর্তারা সেই কথাই জানিয়েছেন।

শেষ রাউন্ডের খেলার আগে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে মোহামেডান। ১৪ ম্যাচে তাদের সংগ্রহ ৩৫ পয়েন্ট। আবাহনী ও মেরিনার্সের সংগ্রহ ৩৪। শুক্রবার প্রথম ম্যাচে মেরিনার্স খেলবে বাংলাদেশ পুলিশের বিপক্ষে। এই ম্যাচ জিতলে তাদের সংগ্রহ দাঁড়াবে ৩৭। দ্বিতীয় ম্যাচে আবাহনী যদি মোহামেডানকে হারায় তাহলে আকাশী-হলুদদের সংগ্রহও হবে ৩৭। সেক্ষেত্রে বাইলজ অনুযায়ী প্লে-অফ ম্যাচের মাধ্যমে শিরোপা নির্ধারিত হওয়ার কথা। আর যদি মোহামেডান জেতে, তাহলে তারাই হবে চ্যাম্পিয়ন। আর মোহামেডান-আবাহনী ম্যাচটা ড্র হলে শিরোপা থেকে যাবে মেরিনার্সের ঘরে।

এমন পরিস্থিতিতে জিমিকে নিয়ে কঠোর অবস্থানে মোহামেডানে। ক্লাবের হকি কর্মকর্তা সারওয়ার হোসেন সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এবারের লিগে আমাদের সঙ্গে নানাভাবে বিমাতাসূলভ আচরণ করা হচ্ছে। বিভিন্ন সময় আমাদের বিপক্ষে রায় হচ্ছে। নানা প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে আমাদের দল।’

জিমির কার্ড নিয়ে তার কথা, ‘জিমির বিষয়ে দ্বিতীয় হলুদ কার্ডের পর সতর্কীকরণ চিঠি দিয়ে লিগ কমিটি আমাদের জানাবে। সেটা তারা জানায়নি। অথচ তিন কার্ডের পর তারা জানায় জিমি খেলতে পারবে না।’

তিনি আরও যোগ করেন, ‘জিমির বিষয়টি নিয়ে ফেডারেশনকে আবারও আজ চিঠি দিয়েছি বাইলজের ধারা উল্লেখ করে। এ ব্যাপারে সমাধান না পেলে হয়তো আমরা খেলবো না। দল অনুশীলনের মধ্যে আছে। ফেডারেশনের জবাব পাওয়ার পর আমরা খেলবো কি খেলবো না, সেটা ক্লাব সভাপতির সঙ্গে আলোচনা করে কাল সিদ্ধান্ত নেবো।’

মোহামেডান দলের ম্যানেজার আরিফুল হক প্রিন্স বলেছেন, ‘আমি নিজেও ফেডারেশনের যুগ্ম সম্পাদক। তবে ফেডারেশন আমাদের কারও কথাই শোনে না। ফেডারেশন চলছে একজনের কথায়। এভাবে চললে আমাদের ক্লাব সভাপতি বলেছেন, ফেডারেশন থেকে সবাইকে পদত্যাগ করতে।’

জিমিকে ঘিরে যাই হোক না কেন আবাহনী তৈরি হচ্ছে শেষ ম্যাচ খেলার জন্য। আবাহনীর ভারতীয় কোচ সিদ্ধার্থ পান্ডে আশাবাদী কণ্ঠে বলেছেন, ‘এটা আমাদের জন্য অলিখিত ফাইনাল। ছেলেরা প্রস্তুত আছে মোহামেডানকে হারিয়ে শিরোপা জিততে। দলের অবস্থা আগের চেয়ে ভালো। মানসিক দিক থেকেই ভালো অবস্থানে আছে। মোহামেডানকে হারিয়েই শিরোপা উৎসব করবো আমরা।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী