আগেই ধারণা পাওয়া গিয়েছিল প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেড ও মেরিনার ইয়াংসকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। আজ শনিবার হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় সেই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। শুধু তাই নয়, হকির ইতিহাসে আগে যা হয়নি, এবার সেটাই হয়েছে। নজিরবিহীনভাবে দেশি-বিদেশি খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।
সভা শেষে হকি ফেডারেশনের অন্যতম কর্মকর্তা রশিদ সিকদার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আবাহনী ও মেরিনার্সকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। লিগ কমিটির সভার সিদ্ধান্ত আজ বহাল রাখা হয়েছে। এছাড়া কিছু করার ছিল না।’
এরপরই খেলোয়াড় ও কোচসহ অন্যদের শাস্তির বিষয়টি জানান হকি ফেডারেশন সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ। শৃঙ্খলা ভঙ্গের দায়ে সবাইকে শাস্তি দেওয়া হয়েছে বলে জানানো হয়।
এরমধ্যে মোহামেডানের স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমিকে ১২ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। তার সতীর্থ খেলোয়াড় তানভীর রহমান সিয়াম ও দ্বীন ইসলাম ইমনকে ৩ ম্যাচ, গোলকিপার আসাদুর রহমান সাদকে ৭ ম্যাচ, গোলকিপার নয়নকে ২ ম্যাচ, সহকারী কোচ রাসেল মাহমুদ বাপ্পীকে ৫ ম্যাচ, মালয়েশিয়ার খেলোয়াড় জুলফি রাসেলকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।
আর তাদের উপদেষ্টা কোচ মালয়েশিয়ার ইমান গোপিনাথনকে বাংলাদেশের হকি অঙ্গনে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এই খবর এশিয়ান হকি ফেডারেশন ও মালয়েশিয়ার ফেডারেশনকে জানানো হয়েছে।
সাদা-কালো দলের ম্যানেজার আরিফুল হক প্রিন্স সামনে চার বছর ক্লাব কর্মকর্তা হয়ে মাঠে দায়িত্ব পালন করতে পারবেন না। নিষিদ্ধ করা হয়েছে তাকে। তবে মাঠ ছেড়ে চলে যাওয়ার কারণে মোহামেডান ক্লাবকে কোনও শাস্তি দেওয়া হয়নি।
আবাহনীর পুস্কর খীসা মিমো ২ ম্যাচ, নাইম উদ্দিন ৩ ম্যাচ, আরফান ইউসুফ ২ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। এছাড়া অ্যাজাক্স স্পোর্টিংয়ের পিন্টু ৩ ম্যাচ , মেহেদি ২ ম্যাচ ও কোচ এহতেশামকে ১০ ম্যাচ নিষিদ্ধ করা হছে। ক্লাবকে ২৫ হাজার টাকা জরিমানা দিতে হবে।
বাংলাদেশ স্পোর্টিংকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।, আজাদ স্পোর্টিংকেও জরিমানার ২৫ হাজার টাকা দিতে হবে। দিলকুশার কোচ তাবিব এ নূর চার ম্যাচ পূর্বে ক্লাব ছাড়ার জন্য ৫ বছরের জন্য ও খেলোয়াড় আসিফ এ নূর ১ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। খেলোয়াড় শাসন ৩ ও বাংলাদেশ এসসি খেলোয়াড় তাপস বর্মন ২ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন।
নিষিদ্ধ হয়েছেন পুলিশের কোচ মাকসুদ হাবুল ২ ম্যাচ, খেলোয়াড় কাওসার ৩ ম্যাচ। হকি ফেডারেশন নিয়ে সোশাল মিডিয়াতে ব্যক্তিগত মন্তব্য করায় সাবেক খেলোয়াড় ও সংগঠক তারেক এ আদেলকে হকি অঙ্গনে আজীবন নিষিদ্ধ করা হয়েছে।
মোহামেডানের সাবেক কর্মকর্তা সাজেদ এ আদেল ও জাহিদুল ইসলাম মিতুলও আজীবন নিষিদ্ধ হয়েছেন। মোহামেডানের পরিচালক জামাল এ রানা আজীবনের জন্য নিষিদ্ধের তালিকায় পড়েছেন।
তবে শাস্তিপ্রাপ্তদের আপিল করার সুযোগ রয়েছে।








