বাংলাদেশ জুনিয়র হকি দলের সামনে সুবর্ণ সুযোগ। জুনিয়র এশিয়া কাপে বড় স্বপ্ন নিয়ে খেলতে এসেছে মওদুদুর রহমান শুভর দল। মঙ্গলবার সেই মাহেন্দ্রক্ষণ। স্থান নির্ধারণী ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল থাইল্যান্ডকে হারাতে পারলেই ভারতে ২০২৫ বিশ্বকাপ নিশ্চিত। ওমানের মাস্কটে লাল সবুজ দলের গুরুত্বপূর্ণ ম্যাচটি হতে যাচ্ছে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।
এমন সুযোগ মোটেও হাতছাড়া করতে চায় না জুনিয়র হকি দল। এই ম্যাচ জিতেই বিশ্বকাপ স্বপ্ন পূরণ করতে চায় রাকিবুল-নয়নরা। এর জন্য সবাই প্রস্তুতও। মাস্কট থেকে বাংলাদেশ দলের কোচ শুভ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘দলের সবাই ভালো একটি ম্যাচ উপহার দিতে প্রস্তুত। থাইল্যান্ডকে আমরা হারাতে চাই। হারাতে পারলে বিশ্বকাপ নিশ্চিত হবে। এমন সুযোগ কমই আসে। সুতরাং এই ম্যাচে কিছুতেই হারা চলবে না।’
এর আগে থাইল্যান্ডের বিপক্ষে যতবার বাংলাদেশ খেলেছে, জিতেছে ততবারই। তাও বড় ব্যবধানে। কোনও ম্যাচেই থাইরা চ্যালেঞ্জ জানাতে পারেনি। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান কোচ, ‘দেখুন থাইল্যান্ড দল যেমনই হোক না কেন আমাদের উদ্দেশ্য একটাই। ম্যাচ জিততেই হবে। এছাড়া অন্য কিছু ভাবছি না।’
বাংলাদেশ গ্রুপে একটিতে জয় ও হার এবং দুটি ম্যাচে ড্র করেছে। অন্যদিকে, থাইল্যান্ড শুধু চাইনিজ তাইপেকে হারিয়েছে। শক্তির দিক দিয়ে লাল সবুজ দল নিঃসন্দেহে এগিয়ে রয়েছে।
৫-৭ স্থান নির্ধারণী ম্যাচে কাল যদি নাও জিতে তার পরেও বিশ্বকাপ স্বপ্ন বেঁচে থাকবে বাংলাদেশের। তখন ৭-৮ স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে। তবে সেটা হবে আরও কঠিন ম্যাচ। তাই বাংলাদেশ দল তাদের বিশ্বকাপ অভিযান কালই নিশ্চিত করতে চাইছে।








