এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। ’বি' গ্রুপে দ্বিতীয় ম্যাচে আব্দুল্লাহ, আশরাফুল ইসলাম ও রাকিবুল ইসলামের জোড়া গোলে লাল সবুজ দল ৮-৩ ব্যবধানে উড়িয়ে দিয়েছে প্রতিপক্ষকে।
ভারতের বিহারের রাজগিরে আজ দ্বিতীয় কোয়ার্টার পর্যন্ত বাংলাদেশের সঙ্গে লড়াই করলেও এরপর থেকে বিবর্ণ তাইপে। আশরাফুল-রেজাউলদের দাপটের সামনে দাঁড়াতেই পারেনি।
ম্যাচের ৪ মিনিটে বাংলাদেশ এগিয়ে যায়। মোহাম্মদ আব্দুল্লাহ আক্রমণ থেকে গোল করে দলকে এগিয়ে নেন।
১০ ও ১৮ মিনিটে চাইনিজ তাইপে টানা দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। হিসি টিসাং জোড়া গোল করেন। প্রথমটি আক্রমণ ও পরেরটি পেনাল্টি কর্নার থেকে এসেছে।
২৬ মিনিটে বাংলাদেশ সমতায় ফিরে। মোহাম্মদ আব্দুল্লাহ আবারও ফিল্ড গোল করেন।
তৃতীয় কোয়ার্টার থেকে বাংলাদেশ আরও অপ্রতিরোধ্য।
৩৬ মিনিটে বাংলাদেশ স্কোর ৩-২ করে। সোহানুর রহমান সবুজ পেনাল্টি কর্নার থেকে গোল করেন।
৪২ মিনিটে রাকিবুল ইসলাম জোড়া গোল করে চাইনিজ তাইপেকে ছিটকে দেন। বাংলাদেশ এগিয়ে যায় ৫-২ ব্যবধানে।
তিন মিনিট পর আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে দলকে ষষ্ঠ গোল উপহার দেন।
৫৬ মিনিটে অধিনায়ক রেজাউল ইসলাম বাবু পেনাল্টি কর্নার থেকে আরও একটি গোল উপহার দেন।
দুই মিনিট পর আশরাফুল ইসলাম দলের হয়ে অষ্টম গোল করেন।
খেলার শেষ মিনিটে চাইনিজ তাইপে তৃতীয় গোল শোধ দিয়ে ব্যবধান কিছুটা কমালেও বড় হারের লজ্জা এড়াতে পারেনি।
এনিয়ে দুই ম্যাচে প্রথম জয় পেলো বাংলাদেশ। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে হারতে হয়েছিল মশিউর রহমান বিপ্লবের দলকে।









