বাংলাদেশ হকি ফেডারেশনের উদ্যোগে আজ শনিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে হকি খেলোয়াড়দের জন্য একটি বিশেষ মেন্টাল পারফরম্যান্স ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল খেলোয়াড়দের মাঠের পারফরম্যান্সে মানসিক দক্ষতা ও মনস্তাত্ত্বিক সক্ষমতা বৃদ্ধি।
মাঠে মনোযোগ, আত্মবিশ্বাস, আবেগ নিয়ন্ত্রণ এবং জয়ী হওয়ার মানসিকতা গড়ে তোলার লক্ষ্যেই কর্মশালাটি পরিকল্পনা করা হয়েছে।
‘স্বপ্ন নয়, এবার ইতিহাস’—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ হকির মানোন্নয়নে আয়োজনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।
বিশেষ এই কর্মশালায় প্রশিক্ষক ও বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করছেন দেশের অভিজ্ঞ ফ্রিল্যান্স কনসালট্যান্ট ও মনস্তত্ত্ববিদরা। লিড ট্রেইনার হিসেবে সেশন পরিচালনা করছেন ফ্রিল্যান্স কনসালট্যান্ট আরিফ সিদ্দিকী। তার সঙ্গে অ্যাসোসিয়েট ট্রেইনার হিসেবে রয়েছেন ফ্রিল্যান্স কনসালট্যান্ট মো. হানিফ।
এছাড়া খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য ও মনস্তাত্ত্বিক বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সহায়তার জন্য বিশেষজ্ঞ প্যানেলে রয়েছেন ‘প্রত্যয়’-এর ক্লিনিক্যাল সাইকোলজিস্ট জান্নাতুল ফেরদৌস।
বাংলাদেশ হকি ফেডারেশন বিশ্বাস করে, আধুনিক হকিতে শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক প্রস্তুতি ও কৌশলগত দৃঢ়তাও সমান গুরুত্বপূর্ণ। এই কর্মশালার মাধ্যমে খেলোয়াড়রা আন্তর্জাতিক টুর্নামেন্টে মানসিক চাপ আরও দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে পারবেন এবং দেশের জন্য সেরা ফলাফল বয়ে আনতে সক্ষম হবেন।









