ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলে নিয়মিত মুখ তাসকিন আহমেদ। যদিও টেস্ট দলে তাকে বিবেচনা করা হয়নি কখনও। এবার পাঁচ দিনের ক্রিকেটেও সুযোগ হয়ে গেল এই পেসারের। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে জায়গা পেয়েছেন তাসকিন।
চোট ও সীমিত ওভারের কথা চিন্তা করে লম্বা ফরম্যাটের ক্রিকেটে তাকে বিবেচনায় রাখেননি নির্বাচকরা। যদিও নিউজিল্যান্ডের কন্ডিশনের কথা মাথায় রেখে এবার তাসকিনকে টেস্টেও সুযোগ দিয়েছেন তারা। ওয়েলিংটনের প্রথম টেস্টেই তাই অভিষেক হয়ে যেতে পারে বাংলাদেশি এই পেসারের।
তাসকিনের সঙ্গে টেস্ট অভিষেক হয়ে যেতে পারে নুরুল হাসান ও শুভাশিষ রায়েরও। এই দুই ক্রিকেটারও আছেন ১৫ সদস্যের প্রথম টেস্টের স্কোয়াডে। তবে জায়গা হারিয়েছেন অলরাউন্ডার শুভাগত হোম। আর পেসার মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেওয়া হয়েছে প্রথম টেস্টে।
টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম ওয়ানডে সিরিজ চলাকালীন চোট পেয়ে ছিটকে গিয়েছেন মাঠ বাইরে। তবে নির্বাচকরা তাকে রেখেছেন দলে। আগেই জানা গিয়েছিল টেস্ট সিরিজ শুরুর আগে ফিট হয়ে উঠবেন এই উইকেটরক্ষক। সত্যিই যে মুশফিক ফিট হয়ে উঠেছেন, সেটা তার টেস্ট স্কোয়াডে থাকার বিষয়টিই বলে দিচ্ছে।
১২ জানুয়ারি ওয়েলিংটনে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
প্রথম টেস্টে বাংলাদেশ স্কোয়াড : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, কামরুল ইসলাম, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, নুরুল হাসান, শুভাশিষ রায়।
/কেআর/








