এ বছরের শেষ দিকে উপমহাদেশের দলগুলো নিয়ে আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতা আয়োজন করতে চান বাংলাদেশ কাবাডি ফেডারেশরনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। শুধু তাই নয়, কাবাডির নবজাগরণে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক প্রতিযোগিতা আয়োজনের ইচ্ছাও রয়েছে তার।
শহীদুল হক আজ বুধবার কাবাডি স্টেডিয়ামে জাতীয় মহিলা কাবাডির টুর্নামেন্টের পুরস্কার বিতরণ শেষে এ কথা বলেন। তিনি বলেন, 'কাবাডি আমাদের জাতীয় খেলা। কাবাডির নবজাগরণে আমাদের সকলের সম্মিলিত চেষ্টা করা উচিৎ। আমরা চাই দেশ ও দেশের বাইরে কাবাডি বিকশিত হবে। কাবাডির যে সাফল্য আমাদের ছিল, তা অব্যাহত রাখার জন্য সকলের কাজ করতে হবে।'
পাশের দেশ ভারত কাবাডিকে দিয়েছে নতুন রূপ, তা অজানা নয় কাবাডি ফেডারেশন সভাপতির। তিনি বলেন, 'আমাদের আর্থিক সীমাবদ্ধতা রয়েছে, তাই ভারতের উদাহরণ টানা ঠিক নয়। সেখানে স্পনসরের অভাব নেই, আমাদের এখানে সে তুলনায় কম, তবে একদম নেই তা বলা যাবে না। আমরা চেষ্টা করবো কাবাডিকে নতুন ও আধুনিক রূপে উপস্থাপন করার।'
সেটির প্রথম ধাপ হিসেবে কাবাডি ফেডারেশনের সভাপতির ইচ্ছা বছরের শেষে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করা। তিনি বলেন, 'আমরা চেষ্টা করছি বছরের শেষে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে। সার্ক দেশগুলো এতে অংশ নেবে। এটি আয়োজনের পর আমরা পরবর্তী পদক্ষেপ নেব।'
শহীদুল হকের পাশেই ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান। তিনি এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
/আরএম/এমআর/







