মরিশাস ওপেনে শিরোপার কাছে এসেও জিততে পারলেন না বাংলাদেশের গলফ তারকা সিদ্দিকুর রহমান। দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হলো তাকে। জিতলে এটি হতো তার প্রথম ইউরোপিয়ান ট্যুরের প্রথম শিরোপা ।
আজ রবিবার চতুর্থ ও শেষ রাউন্ডে লিডারবোর্ডের শীর্ষে থেকেই গলফ কোর্সে নেমেছিলেন সিদ্দিকুর। পরিবেশ মোটেই খেলার সহায়ক ছিল না; ছিল ঝড়ো বাতাস। তবে এর মধ্যেই ১৭তম হোল পর্যন্ত শীর্ষ স্থান ধরে রাখেন সিদ্দিকুর। কিন্তু ১৮তম হোলে দক্ষিণ কোরিয়ান জিয়ুংহুন ওয়াঙ তাকে টপকে যান। মাত্র একটি শটের পার্থক্যে সিদ্দিকুর হন দ্বিতীয়।
ওয়াঙ ৬৮+৭০+৭১+৭২; মোট ২৮২ শটে পারের চেয়ে ছয় শট কম খেলে শিরোপা জিতে নেন। সিদ্দিকুর খেলেছেন ৬৮+৭২+৬৯+৭৪; মোট ২৮৩ শট। যা পারের চেয়ে পাঁচ শট কম।
চলতি বছর এশিয়ান ট্যুরে এখন পর্যন্ত সাফল্য পাননি সিদ্দিকুর। এশিয়ান ট্যুরের গত আসরে জাপানের প্যানাসনিক ওপেনে ৭৪তম হন তিনি। তার আগে নয়া দিল্লিতে হিরো ওপেনে ৫৮তম হয়েছিলেন সিদ্দিকুর।
এই শিরোপা জিতলে আগামী আগস্টে শুরু হতে যাওয়া রিও ডি জেনিরো অলিম্পিকে সরাসরি খেলার টিকিট পেয়ে যেতেন বাংলাদেশের সেরা গলফার।
/আরএম/এফআইআর/







