তিনদিন ব্যাপী ছয়টি ওজন শ্রেণির দ্বিতীয় মার্সেল কাপ শরীরগঠন প্রতিযোগিতা শুরু হচ্ছে কাল শুক্রবার। জাতীয় ক্রীড়া পরিষদ অডিটরিয়ামে হবে এই প্রতিযোগিতা।
ওজন শ্রেণিগুলো হল- ৬০ কেজি, ৬৫ কেজি, ৭০ কেজি, ৭৫ কেজি, ৮০ কেজি ও ৮০+ কেজি।
এবারের প্রতিযোগিতায় ৬০টি ক্লাব ও সংস্থা থেকে ২০০ জনের অধিক প্রতিযোগী অংশ নেবেন। ২৯ জুলাই অংশগ্রহণকারীদের দৈহিক ওজন গ্রহণের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হবে। ৩০ জুলাই অনুষ্ঠিত হবে মূলপর্ব। আর ৩১ জুলাই ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
প্রতিটি ওজন শ্রেণির প্রথম স্থান অধিকারকারীকে মেডেল, ক্রেস্ট, সনদপত্র ও ১০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদের মেডেল, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে। আর চতুর্থ থেকে ষষ্ঠ স্থান অধিকারকারীদের ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে। সেরাদের সেরা বডিবিল্ডার পাবেন ৬০ হাজার টাকার প্রাইজমানি।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে প্রতিযোগিতার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সিনিয়র এডিশনাল ডিরেক্টর ও বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের সহ-সভাপতি এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), ওয়ালটন গ্রুপের এজিএম মেহরাব হোসেন আসিফ, বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
/আরএম/এফআইআর/








