রিও অলিম্পিক গেমসে গলফের তৃতীয় রাউন্ডে উন্নতির ধারা অব্যাহত রাখতে পারেননি বাংলাদেশের তারকা গলফার সিদ্দিকুর রহমান। আজ শনিবার তৃতীয় রাউন্ডে তিনি পারের চেয়ে চার শট বেশি খেলে মোট ৭৫ শটে তৃতীয় রাউন্ড শেষ করেন। তৃতীয় রাউন্ড শেষে তার স্কোর ২২০। পারের চেয়ে ৭টি শট বেশি খেলেছেন তিনি।
তৃতীয় দিনটি তিনি শুরু করেন বাজে শট দিয়ে। টি-অফ করার প্রথম শটটিই পড়ে যায় বালির মধ্যে। যে জন্য তাকে একটি শট বেশি খেলতে হয়। আউট সেকশনের প্রথম হোলের পার ছিল পাঁচ শট। সিদ্দিকুর এখানে একটি শট বেশি খেলেন। অর্থ্যাৎ বোগি দিয়ে শুরু হয় তার যাত্রা। পরে অবশ্য সামলে নেন তিনি, বাকি আটটি হোলে কোনও বোগি করেননি। নয় হোলের জন্য যেখানে প্রয়োজন ছিল ৩৫ শট সেখানে ৩৬ শটে খেলা শেষ করেন তিনি।
ইন সেকশনের প্রথম অর্থ্যাৎ দশম হোলে আবারও বোগি করেন সিদ্দিকুর। পাঁচ শটের স্থানে খেলেন ছয়টি শট। দ্বাদশ হোলেও করেন আরেকটি বোগি। ১৭তম হোলেও বোগি করেন তিনি।
দ্বিতীয় রাউন্ড শেষে তিনজনের সঙ্গে সম্মিলিতভাবে ৪৬তম স্থানে ছিলেন সিদ্দিকুর। এ রিপোর্ট লেখা পর্যন্ত তৃতীয রাউন্ডের অর্ধেক সম্পন্ন হয়েছে, তখন সিদ্দিকুরের অবস্থান ছিল ৫৫তম। উল্লেখ্য ৬০ জন গলফার অলিম্পিক গলফে অংশ নিয়েছেন। আগামীকাল রবিবার চতুর্থ ও শেষ রাউন্ডের খেলা হবে।
/আরএম/এমআর/






