জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবলের চূড়ান্ত পর্ব চলছে। গ্যালারিতে বসে খেলা দেখছেন জুনিয়র অ্যাথলেটরা। রবিবার তাদেরও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে নামতে হবে জাতীয় জুনিয়র অ্যাথলেটিকসের লড়াইয়ে।
তৃণমূল থেকে অ্যাথলেট তুলে আনার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করছে অ্যাথলেটিকস ফেডারেশন। দুই দিন ব্যাপী প্রতিযোগিতায় অংশ নেবেন ৭০০ অ্যাথলেট। অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ এই দুই বিভাগে হবে শ্রেষ্ঠত্বের লড়াই। প্রথমটিতে ১৪ এবং পরেরটিতে স্বর্ণপদকের সংখ্যা ১৯টি।
জুনিয়র অ্যাথলেটিকসের ৩৩তম আসরেও ভরসা হ্যান্ড টাইমিং। ইলেকট্রনিক টাইমার যে নষ্ট হয়ে পড়ে আছে! সর্বশেষ ২০১০ সালে এসএ গেমসে ইলেকট্রনিক টাইমার ব্যবহার হয়েছিল। তারপর থেকেই সেটা অকেজো।
জুনিয়র অ্যাথলেটদের জন্য একটা ভালো সুযোগ এই প্রতিযোগিতা। ট্র্যাকে আলো ছড়াতে পারলে জাতীয় দলের দরজা যেমন খুলে যাবে, তেমনি বিভিন্ন সার্ভিসেস দলে চাকরির সুযোগও আসবে। আগামী মাসে অনুষ্ঠেয় প্রথম বাংলাদেশ যুব গেমসের প্রস্তুতিও ভালোই হবে তরুণ অ্যাথলেটদের।








