জাপান সরকার থেকে আবারও জিমন্যাস্টিকস সরঞ্জামাদি পেয়েছে বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন। আজ (বুধবার) ফেডারেশনের কর্মকর্তাদের হাতে নতুন সরঞ্জাম তুলে দেন দূতাবাসের কর্মকর্তারা।
জিমন্যাস্টিকস ফেডারেশনকে এর আগেও ট্রাম্পেলিন, ফ্লোর ম্যাটস, স্প্রিং বোর্ড, ভল্টিং টেবিল দিয়েছিল জাপান সরকার। এবার জিমন্যাস্টিকস ফেডারেশন পেয়েছে একটি রিং সেট ও প্যারালাল বারস। প্রায় ১২ লাখ টাকা মূল্যের এই সরঞ্জামাদির ট্যাক্সও বহন করেছে জাপান সরকার।
জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদের কাছে সরঞ্জামাদি তুলে দেন ঢাকায় নিযুক্ত জাপানের চার্জ দ্য অ্যাফেয়ার্স হিরোকি ইয়ামায়া। এ উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে নুতন রিং ও প্যারালাল বারসে বাংলাদেশের জিমন্যাস্টরা পারফর্মও করেন।
নতুন সরঞ্জাম পেয়ে জিমন্যাস্টরা খুশি। সানখেয়ং খুমি কিতং উচ্ছ্বসিত কন্ঠে বলেছেন, ‘পুরোনো সরঞ্জাম দিয়ে আমাদের খেলতে অসুবিধা হতো। ঠিকমতো ব্যালেন্সড রাখা যেত না। নতুন সরঞ্জাম পেয়ে আমরা খুশি। এবার আরও ভালোভাবে জিমন্যাস্টিকসে অংশ নিতে পারব।’







