কানাডা ওপেন চ্যাম্পিয়নশিপে স্বর্ণজয়ী ৩ খেলোয়াড়কে সংবর্ধনা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবর্ধনা দেওয়া হয় তায়কোয়ান্দো দলের মাসুদ খান, উজ্জ্বল কুমার দেব ও আব্দুল্লাহ আল নোমানকে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ৩ থেকে ৬ অক্টোবর পর্যন্ত মনট্রিল শহরে হয় কানাডা ওপেন চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় ৮ জনের বাংলাদেশ তায়কোয়ান্দো দল অংশ নেয়।
পুমসে ক্যাটাগরিতে অনূর্ধ্ব-৩০ পুরুষ সিনিয়র (দলীয়) বিভাগে স্বর্ণ জেতেন মাসুদ, উজ্জ্বল ও আব্দুল্লাহ। বাংলাদেশ দলের এই সাফল্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ হতে তাদের সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। এসময় ছিলেন বাংলাদেশ তায়কোয়ান্দো দলের টিম অফিসিয়াল হিসেবে চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব (ক্রীড়া) মো. ওমর ফারুক এবং দলের কোচ ও ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা।







