বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) আগেই প্রতিশ্রুতি দিয়েছিল- এসএ গেমসে পদক জিতলেই ক্রীড়াবিদদের অর্থ পুরস্কার দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি রাখতে যাচ্ছে বিওএ। আগামী ১১ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে ২০১৯ নেপাল গেমসে পদকজয়ীদের হাতে তা তুলে দেওয়া হবে। সব মিলিয়ে ৩ কোটি ৭৭ লাখ টাকা পুরস্কার পাবেন ক্রীড়াবিদরা।
১ থেকে ১০ ডিসেম্বর নেপালের গেমসে বাংলাদেশ ১৯টি সোনা, ৩৩টি রুপা ও ৯০টি ব্রোঞ্জ পেয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী এককে সোনাজয়ী ক্রীড়াবিদ পাবেন ৬ লাখ টাকা। রুপাজয়ী ৩ লাখ ও ব্রোঞ্জজয়ী পাবেন ১ লাখ টাকা। এছাড়া দলগতভাবে সোনা, রুপা ও ব্রোঞ্জজয়ীরা পাবেন ১ লাখ, ৫০ হাজার ও ৩০ হাজার টাকা করে।
বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেছেন, ‘আমরা আমাদের প্রতিশ্রুতি রাখতে যাচ্ছি। এসএ গেমসে পদকজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হবে। এতে করে তারা আরও উৎসাহিত হবে।’








