মার্সেল জাতীয় ২৮তম বক্সিংয়ে পুরুষ বিভাগের শিরোপা জয় করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অন্যদিকে ৩য় মহিলা বক্সিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার।
পুরুষ বিভাগে সেনাবাহিনী ৬টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৪টি তাম্রসহ মোট ১২টি পদক জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বাংলাদেশ আনসার ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৪টি তাম্রসহ মোট ৬টি পদক জিতে রানার্স আপ হয়েছে। আর ২টি রৌপ্য ও ১টি তাম্র পদক নিয়ে তৃতীয় হয়েছে বাংলাদেশ পুলিশ।
এদিকে মহিলা বিভাগে ৩টি স্বর্ণ পদক জিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ আনসার। আর ১টি স্বর্ণ ও ২টি রৌপ্য পদক জিতে রানার্স আপ হয় বাংলাদেশ পুলিশ। আর ১টি রৌপ্য ও ২টি তাম্র পদক জিতে তৃতীয় স্থান লাভ করেছে মর্ডান বক্সিং ক্লাব রাজশাহী।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবিএম ফজলে করিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের সভাপতি ড: খোন্দকার শওকত হোসেন।
পুরুষ বিভাগে ৪৯, ৫২, ৫৬, ৬০, ৬৪, ৬৯ ও ৭৫ কেজি ওজন শ্রেণিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আর মহিলা গ্রুপে ৫১, ৬০ ও ৭৫ কেজি ওজন শ্রেণিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী বক্সারের সংখ্যা ছিল ৮০ জন।
/আরএম/এমআর/







