করোনাভাইরাসে বাস্কেটবলের বেশ কয়েকটি প্রতিযোগিতা নির্ধারিত সময়ে হতে পারেনি। এখন স্বাস্থ্যবিধি মেনে কোর্টে খেলা ফেরাতে চাইছে বাস্কেটবল ফেডারেশন। আগামী অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত আটটি ঘরোয়া প্রতিযোগিতা আয়োজন করবে তারা। সব প্রতিযোগিতাই হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে।
বাস্কেটবল ফেডারেশনের আট প্রতিযোগিতার শুরুটা হবে আগামী অক্টোবরে, বঙ্গবন্ধু ফেডারেশন কাপ বাস্কেটবল দিয়ে। তারপর একে একে আসবে অনূর্ধ্ব-১৬, ১৭, ১৮ ও ২৩ ‘থ্রি অন থ্রি’ বাস্কেটবল প্রতিযোগিতা। এছাড়া প্রথম বিভাগ ও প্রিমিয়ার লিগও হবে। ডিসেম্বরের শেষে থাকছে বিজয় দিবস প্রতিযোগিতা।
ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে সরকার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘করোনার কারণে আমরা মুজিববর্ষের প্রতিযোগিতাগুলো শুরু করতে পারিনি। এখন নতুন করে আয়োজন করতে যাচ্ছি। আশা করছি, সবকিছু ঠিক থাকলে আমরা সব প্রতিযোগিতাই কোর্টে রাখতে পারবো। করোনার কারণে হয়তো দল কমও আসতে পারে। তবে আমরা যতগুলো দল কিংবা খেলোয়াড় পাবো, তাদের নিয়েই প্রতিযোগিতা আয়োজন করবো।’








