আগামী ১৮ থেকে ২৯ মার্চ ভারতের দিল্লিতে হবে শুটিং বিশ্বকাপ। সেখানে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ দলও। সেই লক্ষ্যে আব্দুল্লাহ হেল বাকী ও শাকিল আহমেদের অনুশীলন চলছে নিয়মিত। এরই মধ্যে দলও চূড়ান্ত হয়েছে। এই বিশ্বকাপে আবার টোকিও অলিম্পিকে খেলার জন্য কোটা প্লেস পাওয়ার সুযোগ আছে। কিন্তু তার আগে মহাঝামেলায় পড়ে গেছেন বাংলাদেশের অন্যতম সেরা তারকা শুটার শাকিল আহমেদ। নিজের পিস্তল যে ঠিকমতো কাজ করছে না!
গত দুই দিন ধরে পিস্তলের স্প্রিং সেভাবে সাড়া দিচ্ছে না। যে কারণে স্কোর করতেও সমস্যা হচ্ছে শাকিলের। এয়ার পিস্তলে কমনওয়েলথ গেমসে রুপা ও এসএ গেমসে সোনাজয়ী এই শাকিল আহমেদ তাই বিষণ্ন মনে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘হঠাৎ করেই অমার পিস্তল ঠিকমতো কাজ করছে না। পিস্তলের ভেতরের স্প্রিং নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। অনেক চেষ্টা করছি, ঠিক হচ্ছে না। অথচ সামনে বিশ্বকাপ আছে। তার আগে এমন পরিস্থিতিতে মনটা বেশ খারাপ। এখন অনুশীলনে স্কোর হচ্ছে ঠিকই। তবে তা কাঙ্ক্ষিত নয়। এটা নিয়ে বেশ দুশ্চিন্তা হচ্ছে।’
শাকিল অবশ্য চাইছেন দিল্লিতে গিয়েই পিস্তল ঠিক করতে, ‘ওখানে পিস্তলের কোম্পানির প্রতিনিধিরা থাকবেন। সাধারণত প্রতিটি প্রতিযোগিতার সময় তারা থাকেন। সেখানে বিশ্বকাপ শুরুর আগে ঠিক করতে পারলে ভালো হবে।তা নাহলে ভালো স্কোর করে ফল করা কঠিন হয়ে পড়বে।’
বিশ্বকাপে অংশ নেওয়া বাংলাদেশ দলের শুটাররা হলেন- ছেলেদের বিভাগে আব্দুল্লাহেল বাকী, রিসালাতুল ইসলাম, রাব্বি হাসান মুন্নাও শাকিল আহমেদ। মেয়েদের বিভাগে আছেন-শারমিন আক্তার রত্না, সৈয়দা আতকিয়া হাসান দিশা,রিথিকা চৌধুরী ও আরমিন আশা।









