বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের সাঁতার শুরু হয়েছে আজ (শনিবার) থেকে। শুরুতে ছিল ২০০ মিটার ব্যাক স্ট্রোক। এই ইভেন্টে ফেভারিট জুয়েল আহমেদ। পুলে ঝড় তুলে শুরুটাও করলেন ফেভারিটের মতো। সোনা তো জিতেছেনই, দেশসেরা সাঁতারু ২০০ মিটার ব্যাক স্ট্রোকে নিজের গড়া আগের রেকর্ড ভেঙে দিয়েছেন। ২০১৯ সালে ২ মিনিট ১৬.১৩ সেকেন্ডে রেকর্ড গড়েছিলেন। আর এবার সময় নিয়েছেন ২ মিনিট ১৬.১২ সেকেন্ড।
মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে নতুন রেকর্ডের পর সংবাদমাধ্যমকে জুয়েল বলেছেন, ‘আমার কাছে রেকর্ডের চেয়ে গুরুত্বপূর্ণ ছিল সোনার পদক। শুরুটা ভালো হয়েছে। আশা করছি, বাকি ইভেন্টগুলোতেও ভালো করতে পারবো।’
রেকর্ড গড়ার পরও নিজের টাইমিংয়ে পরোপুরি সন্তুষ্ট নন এই সাঁতারু, ‘করোনা পরিস্থিতির কারণে প্রস্তুতি বিঘ্নিত হয়েছে। না হলে টাইমিংটা আরও ভালো হতে পারতো।’
কুষ্টিয়ার এই সাঁতারু সঙ্গে যোগ করলেন, ‘বিরূপ পরিস্থিতিতেও আমার সংস্থা বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ সহায়তা করেছে। এ জন্য আমি কর্মকর্তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়া বঙ্গবন্ধুর নামে আয়োজিত হচ্ছে এ গেমস। বিশেষ এ আয়োজনে নিজের প্রথম ইভেন্টে রেকর্ড গড়তে পারাটা ছিল তৃপ্তির।’








