আগামী ১৭ থেকে ২২ আগস্ট কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব-২০ বিশ্বঅ্যাথলেটিকস। সেখানে অংশ নেওয়ার কথা ছিল একসময়ের দ্রুততম মানব হাসান মিয়ার। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছিটকে গেছেন এই অ্যাথলেট। এখন বাংলাদেশ থেকে শুধু সুমাইয়া দেওয়ান গেছেন নাইরোবিতে।
রবিবার সকালে ঢাকা ছেড়েছেন বিকেএসপির এই অ্যাথলেট। সুমাইয়া ১৮ আগস্ট অংশ নেবেন ১০০ মিটার স্প্রিন্টে। তার সঙ্গে আছেন বিকেএসপির কোচ ফৌজিয়া হুদা জুঁই। অ্যাথলেটিকস ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ খান চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘করোনার কারণে আমাদের একজন অ্যাথলেট যেতে পারেনি। নাইরোবিতে শুধু সুমাইয়াই প্রতিদ্বন্দ্বিতা করবে।’
প্রতিযোগিতায় অংশগ্রহণ শেষে আগামী ২৪ আগস্ট দেশে ফেরার কথা সুমাইয়ার। এর আগে এই প্রতিযোগিতায় ৪০০ মিটার দৌড়ে সেমিফাইনালে উঠে সবাইকে চমকে দিয়েছিলেন বাংলাদেশের জহির রায়হান।








