বঙ্গবন্ধু পঞ্চম সেন্ট্রাল সাউথ এশিয়ান জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে তৃতীয় দিনে বাংলাদেশের হয়ে দুটি পদক জিতেছেন রাজীব চাকমা। যার একটিতে রুপা এসেছে ভারতীয় প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে।
আজ (শনিবার) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পুরুষদের জুনিয়র বিভাগে ব্যক্তিগত ফ্লোর এক্সারসাইজে উজবেকিস্তানের বয়সারভ আলিশের ১২.৫০ স্কোর গড়ে সোনা জেতেন। রুপার জন্য ভারতীয় জিমন্যাস্টের সঙ্গে লড়াই করতে হয়েছে বাংলাদেশকে। ১২.১০ স্কোর গড়ে রাজীব জিতে নেন রুপার পদক। অন্যদিকে ভারতের প্রণব কুশওয়াহা ১২.০৬ স্কোর গড়ে জিতেছেন ব্রোঞ্জ।
এরপর ভোল্টিং টেবিল ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেন রাজীব।
এছাড়া দিনের অন্য ইভেন্টেও উজবেকিস্তানের জিমন্যাস্টদের রাজত্ব। সবক’টি সোনার পদক মধ্য এশিয়ার দেশটি নিজেদের ঝুলিতে নিয়েছে।









