শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেই ফাইনাল নিশ্চিত ছিল বাংলাদেশের। শুরুতে এগিয়ে থেকে জয়ের আশাও দেখছিল। কিন্তু পরের সেটগুলোতে ছন্দ ধরে রাখতে পারেনি জাবির-হরষিতরা। ফলে হার নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেনস ভলিবল চ্যালেঞ্জ কাপে রবিবার শ্রীলঙ্কার কাছে ৩-১ সেটে হেরেছে স্বাগতিক দল। তাতে টানা দুই জয়ের পর প্রথম হারের তেতো স্বাদ পেয়েছে আলিপোর আরোজির শিষ্যরা।
প্রথম সেটে ২৫-১৭ পয়েন্টের জয় নিয়ে এগিয়ে যায় জাবির-হরষিতরা। দ্বিতীয় সেটেও লড়াই হয়েছিল। এক পর্যায়ে ২৪-২৪ সমতার পর শেষ দুই পয়েন্ট হারিয়ে বসে বাংলাদেশ। ২৬-২৪ পয়েন্টের জয় নিয়ে সমতা ফেরায় শ্রীলঙ্কা।
তৃতীয় সেটে তো জমজমাট লড়াই হয়েছে। ১১-১১ ব্যবধান থেকে স্বাগতিকরা শেষ পর্যন্ত হার মানে ২৫-১৮ পয়েন্টে। চতুর্থ সেটে আর ছন্দ ফিরে পায়নি বাংলাদেশ; হেরেছে ২৫-২১ পয়েন্টে।
আগামী সোমবার উজবেকিস্তানের বিপক্ষে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচের ফলের ওপর বাংলাদেশের ফাইনালে ওঠা নির্ভর করছে।
এদিকে বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন উইমেন্স ভলিবল চ্যালেঞ্জ কাপে শ্রীলঙ্কার কাছে ৩-০ সেটে হেরেছে বাংলাদেশের মেয়েরা। এ নিয়ে টানা চার ম্যাচেই পান্না-ডলিরা হার দেখেছে।









