বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস মেডিসিন (বিএএসএম) এর কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।
নতুন এডহক কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। মহাসচিবের দায়িত্ব পেয়েছেন দুই দশকেরও বেশি সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মেডিক্যাল কমিটির দায়িত্বপ্রাপ্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. মো. আলী ইমরান।
ক্রীড়া পরিষদের ২০১৮ এর ২১ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এই এডহক কমিটি গঠন হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ স্বাক্ষরিত কমিটির সদস্য ২২জন।
অ্যাডহক কমিটির মহাসচিব ডা. ইমরান সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে ক্রীড়াঙ্গনে দারুণ কিছু করা সম্ভব। বিশেষত ক্রীড়াঙ্গনে স্পোর্টস ইনজুরির বিষয়টি নিয়ে আমাদের গুরুত্ব থাকবে সর্বাধিক। আশা করি, এক্ষেত্রে অনেক অবদান রাখতে পারবে আমাদের কমিটি।’








