আগামী ১৬ থেকে ২৫ মার্চ ঢাকায় হতে যাচ্ছে আট জাতির বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি। দ্বিতীয়বার হতে যাওয়া এই টুর্নামেন্ট সামনে রেখে ১৫ দেশকে আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ কাবাডি ফেডারেশন। এর মধ্যে স্পন্সরের অভাবে আর্জেন্টিনা দল আসতে পারছে না বাংলাদেশে। আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পোল্যান্ড আসতে অপারগতা জানিয়েছে। কাবাডি ফেডারেশন থেকে এমন তথ্যই জানানো হয়েছে।
প্রথম টুর্নামেন্টে অংশ নেওয়া কেনিয়া, শ্রীলঙ্কা, নেপাল ও স্বাগতিক বাংলাদেশের সঙ্গে এবার খেলতে যাচ্ছে ইংল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ইরাক।
কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান এবারের টুর্নামেন্ট আরও জম্পেস করার ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় জাতির পিতার নামে টুর্নামেন্টটি এবার আরও ভালোভাবে আয়োজনের সুযোগ ও তাড়না রয়েছে আমাদের মধ্যে। জমজমাটভাবে আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আট দল নিয়ে হবে এবারের টুর্নামেন্ট।’
গত বছর ফাইনালে কেনিয়াকে ৩৪-২৮ পয়েন্টে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। আরদুজ্জামান ফাইনালসেরা ও অধিনায়ক তুহিন তরফদার হয়েছিলেন টুর্নামেন্টসেরা।
শিরোপা ধরে রাখার লক্ষ্যে গত অক্টোবর থেকে জাতীয় দলের আবাসিক ক্যাম্প চলছে।








