হকিতে বাংলাদেশের চিরপ্রতিদ্বন্দ্বী বলতে গেলে ওমানকেই মনে করা হয়। শক্তির দিক দিয়ে প্রায় কাছাকাছি অবস্থানে দু’দলই। তবে এএইচএফ কাপে ‘বি’ গ্রুপে দুই দলের মুখোমুখিতে লড়াইয়ে আবারও আধিপত্য দেখালো বাংলাদেশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর বাংলাদেশ ৩-২ গোলে ওমানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। ডিফেন্ডার খোরশেদুর রহমান হ্যাটট্রিক করে বাংলাদেশকে তিন পয়েন্ট এনে দিয়েছেন।
এই জয়ে গ্রুপ ‘বি’ থেকে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে থাকছে বাংলাদেশ। এক ম্যাচ হেরে ৯ পয়েন্ট নিয়ে ওমান গ্রুপ রানার্সআপ হয়ে খেলবে সেমিফাইনাল। দুটি সেমিফাইনালই হবে আগামী ১৯ মার্চ। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কাজাখস্তান।
অথচ বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ওমান। যাদের অবস্থান ২৬তম আর বাংলাদেশ ৩৮তম। টার্ফের খেলাতে অবশ্য এই র্যাঙ্কিংয়ের ব্যবধান ছিল না। সমানে সমান লড়াই হয়েছে।
বৃহস্পতবিার জাকার্তার জিবিকি ফিল্ডে ম্যাচের ৮ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। মিলন হোসেনের পুশে সারোয়োর হোসেনের থামানো বলে ড্র্যাগ ফ্লিকে পোস্ট কাঁপান খোরশেদুর রহমান। দ্বিতীয় কোয়ার্টারে কোনও গোল হয়নি।
৩২ মিনিটে আল ফাজারি রাশেদ ম্যাচে গোল করে ওমানকে সমতায় ফিরিয়েছিল। অরক্ষিত থেকে বক্সে ঢুকে ফাঁকায় লক্ষ্যভেদ করতে কোনও সমস্যা হয়নি এই খেলোয়াড়ের। ৪৮ মিনিটে ওমান স্কোরলাইন ২-১ করে ফেলে। বাইত শামাইয়া মাহমুদের পাসে দারুণ একটি গোল করেন আল লাওয়াতি ফাওয়াদ। গোলকিপার চেষ্টা করেও সেটি প্রতিহত করতে পারেননি।
বাংলাদেশ ম্যাচে ফেরার জন্য চেষ্টা করতে করতে সফল হয় ৫৬ মিনিটে। পেনাল্টি কর্নার থেকে রাসেল মাহমুদ জিমির পুশে সতীর্থের থামানো বলে খোরশেদুর রহমান দারুণ গোল করে দলকে সমতায় ফেরান। ম্যাচের নাটকীয়তা তখনও বাকি! ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে আসে পেনাল্টি স্ট্রোক প্রাপ্তি।
৫৮ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে খোরশেদুর রহমান তৃতীয় গোল করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। এরই সঙ্গে দলের হয়ে এই টুর্নামেন্টে তৃতীয় হ্যাটট্রিকম্যানও হয়ে যান তিনি।








