রিকার্ভ একক নারীদের ইভেন্টে সোনার পদকের লড়াইয়ে ছিলেন দিয়া সিদ্দিকী ও নাসরিন আক্তার। এশিয়া কাপ স্টেজ ওয়ানে দুই বাংলাদেশির লড়াইয়ে জয় হয়েছে নাসরিনের। স্বদেশি দিয়া সিদ্দিকীকে হারিয়ে নাসরিন আক্তার প্রথমবারের মতো একক ইভেন্টে আন্তর্জাতিক টুর্নামেন্টে দেশের হয়ে সোনার পদক জিতেছেন।
শনিবার (১৯ মার্চ) থাইল্যান্ডের ফুকেটে নাসরিন ৬-২ সেট পয়েন্টে জিতেছেন দিয়া সিদ্দিকীর বিপক্ষে। প্রথম সেটে ২৮-২৬ পয়েন্টে জেতেন নাসরিন। দ্বিতীয় সেটেও ২৮-২৬ পয়েন্টে জেতেন নাসরিন। তৃতীয় সেটে অবশ্য সমতা আসে ২৮-২৮ পয়েন্টে। পরেরটিতেও ২৭-২৭ পয়েন্টে সমতা। শেষ পর্যন্ত ৬-২ সেট পয়েন্টে জয় হয়েছে নাসরিনেরই। দিয়াকে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। সব মিলিয়ে এশিয়া কাপ স্টেজ ওয়ানে বাংলাদেশের জয়জয়কার। দিনের শুরুটা হয়েছে রোমান সানা ও নাসরিন আক্তারের মিক্সড ইভেন্টে সোনা জেতা দিয়ে। এরপরই মেয়েদের দলীয় ইভেন্টে নাসরিন, ফামিদা ও দিয়া সোনা জেতেন। দিন শেষে নাসরিনের ঝুলিতে যোগ হলো তিনটি সোনার পদক।









