দীর্ঘ আট বছর ধরে জাতীয় আর্চারি দলের সঙ্গে যুক্ত ছিলেন জিয়াউল হক। বেশিরভাগ সময় সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। রোমান সানা-দিয়া সিদ্দিকীদের ছেড়ে এবার সৌদি আরবে যাচ্ছেন ৩৪ বছর বয়সী কোচ। আগামী এক বছর দেশটির জাতীয় দলের হেড কোচ হিসেবে কাজ করবেন তিনি। আগামীকাল (মঙ্গলবার) ঢাকা ছাড়ার কথা জিয়াউলের।
এর আগে পাকিস্তান ও সলোমন আইল্যান্ডসের হেড কোচ হিসেবে কাজ করেছেন জিয়াউল। এছাড়া কলম্বিয়াতে বিভাগীয় পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা আছে তার। লেভেল-২ পাস করা কোচ এবারই প্রথম সৌদি আরবে দীর্ঘমেয়াদে দায়িত্ব নিতে যাচ্ছেন। এজন্য বাংলাদেশ দল ও আনসারের কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন তিনি।
সৌদি আরবে নতুন দায়িত্ব প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে জিয়াউল বলেছেন, ‘ওরা বেশ কিছুদিন ধরে আমাকে চাইছিল। এবার রাজি হয়ে যাই। ওখানে হেড কোচ হিসেবে কাজ করবো। নতুন অভিজ্ঞতা হবে। সম্মানী ছাড়াও সুবিধাদি আকর্ষণীয়।’








