ইংল্যান্ডের বার্মিংহাম শহরে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমসের ২২তম আসর। স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় রাত ১ ঘটিকায়) আলেক্সান্ডার স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সূচনা হবে মর্যাদাপূর্ণ ইভেন্টটির।
আসরে অংশ নিতে বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা এরই মধ্যে বার্মিংহামে পৌঁছে গেছেন। বাংলাদেশ অংশ নিচ্ছে সাতটি ডিসিপ্লিনে। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করবেন এসএ গেমসে টানা দুটি সোনার পদক জয়ী মাবিয়া আক্তার। পরদিন চারটি খেলায় অংশ নেবেন বাংলাদেশের ক্রীড়াবিদরা।
প্রথমেই প্রতিদ্বন্দ্বিতায় নামবে জিমন্যাস্টিকস দল। পুরুষদের দলীয় এবং একক বাছাই পর্বের খেলা শুরু হবে বার্মিংহাম অ্যারেনায়। জিমন্যাস্টিকসে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী অ্যাথলেটরা হলেন শিশির আহমেদ, আবু সাইদ রাফি ও নিউজিল্যান্ড প্রবাসী আলি কাদের হক।
একই সময়ে পুরুষ টেবিল টেনিস দলের বাছাই পর্বও শুরু হয়ে যাবে। ২৯ তারিখেই হয়ে যাবে বাছাই পর্বের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপ। বাংলাদেশ টেবিল টেনিস দলে খেলোয়াড় হিসেবে আছেন রামহিম লিয়ন বম, মুহতাসিন আহমেদ হৃদয়, রিফাত মাহমুদ সাব্বির ও মুফরাদুল খায়ের হামজা।
একই দিন স্যান্ডওয়েল অ্যাকুয়াটিকস সেন্টারে শুরু হয়ে যাবে সাঁতারের বাছাইপর্ব। বাংলাদেশের পুরুষ সাঁতারু মাহমুদ উন নবী নাহিদ অংশ নিচ্ছেন ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে। মহিলা সাঁতারু মরিয়ম আক্তার অংশ নিচ্ছেন ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে।
খেলা শুরুর দিন রিংয়ে নেমে পড়বেন তিন বক্সারও। হোসেন আলী অংশ নেবেন ওয়েল্টারওয়েইট ওজনশ্রেণিতে (৬৩.৫-৬৭ কেজি), সুরো কৃষ্ণ চাকমা অংশ নেবেন লাইট ওয়েল্টারওয়েইট ওজন শ্রেণিতে (৬০-৬৩.৫ কেজি) আর সেলিম হোসেন অংশ নেবেন ফেদারওয়েইট (৫৪-৫৭ কেজি) ওজন শ্রেণিতে। তিনজনই শুরু করবেন ‘রাউন্ড অব থার্টি টু’ দিয়ে।
বার্মিংহাম থেকে বাংলা ট্রিবিউনকে সুরো কৃষ্ণ বলেছেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী ফিজির একজন বক্সার। আসলে আমরা লড়াই করার জন্য তৈরি।’








