তুরস্কের কোনিয়াতে ইসলামিক সলিডারিটি গেমস আর্চারিতে কম্পাউন্ড মেয়েদের দলগত ইভেন্টে রুপা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। রোকসানা আক্তার, শ্যামলী রায় ও পুস্পিতা জামানের সমন্বয়ে গঠিত দল ২০৩৪ স্কোর করে দ্বিতীয় হয়েছে। আগামী বুধবার সোনার পদকের লড়াইয়ে স্বাগতিক তুরস্কের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
এছাড়া রিকার্ভ পুরুষ এককে ৭০ মিটার দূরত্বে ৭২টি তীর ছুড়ে ৭২০-এর মধ্যে বাংলাদেশের হাকিম আহমেদ রুবেল ৬৪৫ স্কোর করে দশম, রোমান সানা ৬৪৪ স্কোর করে ১১তম ও সাগর ইসলাম ৬২৯ স্কোর করে ১৬তম স্থান পেয়েছেন।
রিকার্ভ পুরুষ এককে ইলিমিনেশন (নক-আউট) রাউন্ডে হাকিম আহমেদ রুবেল ও রোমান সানা বাই পেয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছেন। সাগর ইসলাম ৬-০ সেটে সুদানের রাশাদ খালিদকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে খেলবেন।
রিকার্ভ পুরুষ দলগত বিভাগে বাংলাদেশ দল অবশ্য ১৯১৮ স্কোর করে পঞ্চম হয়েছে।
কম্পাউন্ড মহিলা এককে ৫০ মিটার দূরত্বে ৭২টি তীর ছুড়ে ৭২০-এর মধ্যে রোকসানা আক্তার ৬৮২ স্কোর করে পঞ্চম, শ্যামলী রায় ৬৮০ স্কোর করে ষষ্ঠ ও পুস্পিতা জামান ৬৭২ স্কোর করে অষ্টম স্থান পেয়েছেন।
কম্পাউন্ড মহিলা এককে ইলিমিনেশন রাউন্ডে বাংলাদেশের রোকসানা আক্তার ও শ্যামলী রায় বাই পেয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন।









