দেশে চলমান অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে ক্রীড়াঙ্গনেও কৃচ্ছ্রতার পথে হাঁটতে নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এই সংক্রান্ত একটি চিঠি বিভিন্ন ফেডারেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘দেশের বর্তমান অবস্থা বিবেচনা করে সংশ্লিষ্ট সবাইকে চিঠি দেওয়া হয়েছে। অযথা কেউ যেন বিদেশ সফর না করে। আমন্ত্রণ এলেই দল যেন ভারী না হয়। যতটুকু দরকার সেই মতো বিদেশের খেলাগুলোয় যেন অংশ নেয়। গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় অংশ নেয়, যেখানে না গেলেই নয়।’
আগামী জুনে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ঢাকায় আনার চেষ্টা চলছে। তাদের খেলাতে সব মিলিয়ে ১০০ কোটি টাকার মতো লাগবে। ক্রীড়া প্রতিমন্ত্রী এই বিষয়ে বলেছেন, ‘এই বিষয়ে অফিসিয়ালি আমাকে কেউ কিছু জানায়নি। মিডিয়ার মাধ্যমে আমি জানতে পেরেছি। এখন বিষয়টি নিয়ে কিছু বলার নেই।’









