পিস্তল ইভেন্টে দেশের সেরা শুটার শাকিল আহমেদ। ২০১৬ গৌহাটি এসএ গেমসে সোনার পদক জিতেছেন। ২০১৮ কমনওয়েলথ গেমসে রুপা। সেনাবাহিনীর শুটার শাকিল এখন খেলার পাশাপাশি রপ্ত করছেন কোচিংটাও।
১০-১৮ ফেব্রুয়ারি কুয়েতে ৯ম এশিয়ান ইয়ুথ পিস্তল ট্রেনিং ক্যাম্পে বাংলাদেশ থেকে শাকিল আহমেদ ও দুই শুটার ফাহমিদা আলম, মেহজাবিন মেহতাজ অংশ নিয়েছেন। সেখানেই আধুনিক কৌশল সম্পর্কে জানার সুযোগটা পেয়েছেন।
আজ শনিবার তাদের দেশে ফেরার কথা। তার আগে কুয়েত থেকে নতুন অভিজ্ঞতা নিয়ে বাংলা ট্রিবিউনকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন, ‘আসলে সুযোগ এসেছে তাই কোচিং কোর্সও করে ফেললাম। এটা শুধু কোচিং ক্যারিয়ারে কাজে লাগবে তা নয়, খেলোয়াড়ি জীবনেও উপকৃত হবো।’
কুয়েতের এই কোর্সে এশিয়া ছাড়া ইউরোপের ইন্সট্রাক্টররাও ছিলেন। তাই শাকিল কোচিং ক্যাম্প করে উচ্ছ্বসিত, ‘কুয়েতে অনেক কিছু শিখতে পেরেছি। কোচ ও শুটারদের মধ্যে সম্পর্ক কেমন হতে পারে, ক্যারিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য কী করা উচিত। এগুলো যদি দেশে ফিরে ঠিকমতো অনুশীলনে কাজে লাগাতে পারি, তাহলে এগিয়ে যেতে পারবো। আর ভবিষ্যতে কোচ হতে চাই। সেজন্য নিজেকে আরও অভিজ্ঞ করে নিচ্ছি।’
আন্তর্জাতিক শুটিংয়ে আপাতত খেলছেন না শাকিল। সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ খুঁজছেন, ‘একার পক্ষে সব সময় ভালো করা কঠিন। এখন একটু সময় খারাপ যাচ্ছে। অন্যরা ঠিকমতো উঠে আসলে তখন অন্য ইভেন্টে ভালো করার সুযোগ থাকে।’









