২৬ ফেব্রুয়ারি চার হাজার ক্রীড়াবিদ নিয়ে শেখ কামাল দ্বিতীয় যুব গেমসের চূড়ান্ত পর্ব শুরু হয়ে শনিবার আর্মি স্টেডিয়ামে হয়েছে সমাপ্ত। উৎসবের শেষ ঘোষণা করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ‘আমি শেখ কামাল ২০২৩, ২য় বাংলাদেশ যুব গেমসের সমাপনী ঘোষণা করছি।’
১৪টি ডিসিপ্লিন এবং আট বিভাগ নিয়ে শেখ কামাল যুব গেমসে সেরা হয়েছে চট্টগ্রাম বিভাগ। ৪৯টি স্বর্ণ, ৪০টি রৌপ্য এবং ৫৭টি ব্রোঞ্জসহ মোট ১৪৫ পদক নিয়ে শীর্ষে চট্টগ্রামের তরুণ-তরুণীরা। দ্বিতীয় হয়েছে ঢাকা বিভাগ। তারা ৪৬টি স্বর্ণ, ৩৯টি রৌপ্য, ৬১টি ব্রোঞ্জসহ মোট ১৪৬টি পদক জিতেছে।
৪২টি স্বর্ণ, ৪৩টি রৌপ্য এবং ৫৯টি ব্রোঞ্জসহ মোট ১৪৪টি পদক নিয়ে তৃতীয় হয়েছে খুলনা বিভাগ।
সমাপনী অনুষ্ঠানটি দুটি ভাগে বিভক্ত ছিল। প্রথম পর্বে প্রধান অতিথি সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের উপস্থিতিতে অ্যাথলেটিকসে ১০০ মিটার ইভেন্ট টার্ফে হয়েছে। এছাড়া শেখ কামাল দ্বিতীয় যুব গেমসের শুরু থেকে শেষ পর্যন্ত অডিও ভিজ্যুয়াল প্রদর্শনী হয়েছে।
এসময় স্টেডিয়ামের গ্যালারি ছিল পরিপূর্ণ। স্কুল-কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নানান শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে সমাপনী অনুষ্ঠানটি অন্য মাত্রা পায়। ১০০ মিটার এবং ১০০ মিটার স্প্রিন্টের তরুণ ও তরুণী বিভাগে পদকজয়ীদের গলায় পদক পরিয়ে দেয়ার পাশাপাশি যুব গেমসের সেরা হওয়া চট্টগ্রাম ও দ্বিতীয় হওয়া ঢাকা বিভাগের হাতে ট্রফি তুলে দেন বিওএ সভাপতি।
প্রধান অতিথির বক্তব্যে বিওএ সভাপতি ও সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সুন্দরভাবে শেখ কামাল যুব গেমস শেষ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।
আর এবারের যুব গেমসে সেরা ২৮ জন তরুণ-তরুণীকে ১০ লাখ টাকা ভাগ করে দেয়ার ঘোষণা দেন তিনি। সেনাপ্রধানের বক্তব্য শেষ হওয়ার পরই কিছুক্ষণের জন্য আতশবাজির আলোয় আলোকিত হয়ে ওঠে স্টেডিয়াম। এরপরই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।








