আর্চারি বিশ্বকাপে জাতীয় রেকর্ড গড়েছেন বাংলাদেশের দুই আর্চার মোহাম্মদ আশিকুজ্জামান ও পুষ্পিতা জামান। তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টের কোয়িলিফিকেশন রাউন্ডে ২৬টি দলের মধ্যে বাংলাদেশ ১৩৮৪ স্কোর করে ২১তম হয়।
২০১৯ সালে জাতীয় আর্চারিতে ১৩৮২ স্কোর করে জাতীয় রেকর্ড গড়েছিলেন মিঠু রহমান ও সুস্মিতা বনিক। আনতালিয়ায় সেই রেকর্ড ভেঙে আশিকুজ্জামান ও পুষ্পিতা নতুন রেকর্ড গড়লেন। কম্পাউন্ড পুরুষ এককের কোয়ালিফিকেশন রাউন্ডে ৮৬ জন আর্চারের মধ্যে ৪৬তম হন আশিকুজ্জামান। বাছাইয়ে ৭২টি তির ছুড়ে ৭২০ এর মধ্যে ৭০১ স্কোর করেন তিনি। অন্যদিকে মেয়েদের একক ইভেন্টে পুষ্পিতা ৬৮৩ স্কোর করে ৪৮তম হন।
কম্পাউন্ড পুরুষ একক এলিমিনেশন রাউন্ডের ১/৩২ খেলায় আশিকুজ্জামান গুয়েতেমালার বারিলাস জুলিওর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মেয়েদের ১/৩২ খেলায় পুষ্পিতা মেক্সিকোর হার্নান্দেজ জিওন আনা সোফিয়ার বিপক্ষে লড়বেন।
আর ২১ এপ্রিল মিশ্র দলগত ইভেন্টের এলিমিনেশন রাউন্ডের ১/১২ খেলায় বাংলাদেশের হয়ে আশিকুজ্জামান ও পুষ্পিতা চাইনিজ তাইপের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন।








