ভিয়েতনামে হ্যানয় গ্র্যান্ডমাস্টার দাবায় একই দিনে দুই গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান।
চতুর্থ রাউন্ড শেষে ফাহাদ ৪ খেলায় সাড়ে তিন পয়েন্ট নিয়ে তালিকায় এককভাবে শীর্ষে রয়েছেন।
আজ মঙ্গলবার (২৩ মে) সকালে তৃতীয় রাউন্ডের খেলায় বাংলাদেশি আন্তর্জাতিক মাস্টার ইন্দোনেশিয়ার গ্র্যান্ড মাস্টার প্রিয়াসমোরো নবেন্দ্রকে হারান। তৃতীয় রাউন্ডে সাদা ঘুঁটি নিয়ে নবেন্দ্রর কিংস ইন্ডিয়ান ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ৬৪ চালের মাথায় জয়ী হন ফাহাদ।
বিকালে চতুর্থ রাউন্ডের খেলায় ফাহাদ ভারতের গ্র্যান্ডমাস্টার সোয়ামস মিশ্রাকে হারান। তিনি কালো ঘুঁটি নিয়ে সেমি-শ্লাভ ডিফেন্স পদ্ধতি অবলম্বন করে খেলে ৪৬ চালে জয়ী হন।
এর আগে গতকাল দ্বিতীয় রাউন্ডের খেলায় ফাহাদ হারান সেক কন্সটেনটিনকে।
ফেসবুক পোস্টে উচ্ছ্বাস প্রকাশ করে ফাহাদ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্ এক দিনে দুইজন গ্র্যান্ডমাস্টারের সঙ্গে জিতে এখন ৪ খেলায় ৩.৫ পয়েন্ট পেয়ে শীর্ষে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এই টুর্নামেন্টগুলোতে ভালো রেজাল্ট করতে পারি এবং দেশের নাম উজ্জ্বল করতে পারি, ইনশাআল্লাহ্।’








