জাতীয় ভারোত্তোলনে স্মৃতি আক্তার রেকর্ড গড়ে সোনা জিতেছেন। ৫৫ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক ও মোট উত্তোলন- তিন বিভাগেই রেকর্ড গড়েছেন তিনি।
জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে হওয়া এই প্রতিযোগিতায় শনিবার স্ন্যাচে ৭২, ক্লিন অ্যান্ড জার্কে ৯৩ মিলিয়ে মোট ১৬৫ কেজি তোলেন বাংলাদেশ সেনাবাহিনীর এই ভারোত্তোলক।
স্মৃতি অবশ্য ২০২১ সালে এই ওজন শ্রেণিতে ১৫১ কেজি তুলে রেকর্ড গড়ে সেরা হয়েছিলেন। একই বছর বাংলাদেশ গেমসে ফুলপতি ১৫১ কেজি উত্তোলন করে প্রথম হওয়ার পথে ক্লিন অ্যান্ড জার্কে রেকর্ড ৮৪ কেজি তুলেছিলেন। এবার ৯৩ কেজি তুলে এ রেকর্ডও নিজের করে নিলেন স্মৃতি।
এই ইভেন্টে বাংলাদেশ আনসার ও ভিডিপির মোল্লা সাবিরা সুলতানা সর্বমোট ১২৩ কেজি তুলে দ্বিতীয় এবং নড়াইলের সোলায়মান শেখ ভারোত্তোলন ক্লাবের শাম্মী সুলতানা ১১৯ কেজি তুলে হয়েছেন তৃতীয়।
১২১ কেজি উত্তোলন করে মেয়েদের ৪৫ কেজি ওজন শ্রেণিতে বৃষ্টি আক্তার সেরা হন। আনসার ও ভিডিপির এই ভারোত্তোলক ক্লিন অ্যান্ড জার্কে রেকর্ড ৬৮ কেজি তোলেন।
সেনাবাহিনীর মার্জিয়া আক্তার ইকরা ৪৯ কেজি ওজন শ্রেণিতে মোট ১৩৮ কেজি উত্তোলন করে হয়েছেন সেরা।
পুরুষ বিভাগে ৫৫ কেজি ওজন শ্রেণিতে সেনাবাহিনীর আশিকুর রহমান তাজ ২০৪ কেজি তুলে প্রথম হয়েছেন। ৬১ কেজি ওজন শ্রেণিতে ২১৬ কেজি তুলে সেরা হয়েছেন একই দলের মোহাম্মদ আইনউদ্দিন।








