থাইল্যান্ডে বুধবার শুরু হয়েছে এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের পাঁচজন অ্যাথলেটও সেখানে অংশ নিচ্ছেন। দ্বিতীয় দিন দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান অংশ নেবেন। ১০০ মিটার স্প্রিন্টে অংশ নেওয়ার আগে তিনি দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন।
ইমরানুর সোশ্যাল মিডিয়ায় পোস্ট লিখেছেন, ‘সবাইকে আসসালামুআলাইকুম। থাইল্যান্ডের ব্যাংককে আমি বাংলাদেশের হয়ে এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপসে লড়বো। লাল-সবুজের হয়ে আমি ভালো পারফর্ম করতে চাই। ইনশাআল্লাহ, ভালো পারফরম্যান্স যেন করতে পারি সেজন্য আপনাদের দোয়া চাই। আন্তর্জাতিক মঞ্চ কিংবা ভেন্যুতে আমার দেশের প্রতিনিধিত্ব করতে পারা সবসময় সম্মানের। এতদূর পর্যন্ত সবার সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।’
ইমরানুর মূলত ১০০ মিটার স্প্রিন্টে অংশ নেবেন। এছাড়া ৪ গুণিতক ১০০ মিটার রিলেতে দৌড়ানোর কথা রয়েছে। এই ইভেন্টে থাকছেন সাবেক দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল, রাকিবুল হাসান ও জহির রায়হান।
এছাড়া রাকিবুল ও ইসমাইল ২০০ মিটার দৌড়ে অংশ নেবেন। ইসমাইল আরও অংশ নেবেন লং জাম্পে।
মেয়েদের মধ্যে শুধু রিতু আক্তার হাই জাম্পে লড়বেন।








